কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির অনুকূলে ক্রীড়া অধিদপ্তরের বরাদ্দকৃত বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ নভেম্বর বুধবার বিকেলে কুলাউড়া শহরস্থ এমপির কার্যালয়ে উপজেলার ৭৯টি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব-সংগঠনের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহবাব হোসেন রাসেলের সভাপতিত্বে ও আব্দুল লতিফের পরিচালনায় ক্রীড়া সামগ্রী বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, এমপির প্রতিনিধি শফিকুল ইসলাম জাহেদ,
হোসেন মনসুর, আব্দুল নাহিদ চৌধুরী, এমপির বিশেষ সহকারী জামিল আহমদ মোহন, অফিস সহকারী শেখ রুহেল আহমদ, সাহেদ নুর, সাহেদ আহমদ, জাবের আহমদ প্রমুখ। বক্তারা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, কুলাউড়ার যুব সমাজকে সুস্থ ধারায় পরিচালিত করার লক্ষে তিনি খেলাধুলার প্রতি যুব ও তরুণ সমাজকে মনোযোগী করতে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তার দায়িত্বকালীন সময়ে ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বিভিন্ন ক্রীড়া সামগ্রী সঠিকভাবে বিতরন করা হচ্ছে। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ৭৯টি ক্লাবের দায়িত্বশীলদের মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবা, কেরেম, ব্যাটমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাব-সংগঠনের নেতৃবৃন্দ।

