হারিস মোহাম্মদ: জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন বনবিট এলাকায় বন্যহাতির উপদ্রপ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে তিনটি বন্যহাতির দল জুড়ী উপজেলা দূর্গাপুর গ্রামের বিভিন্ন মানুষের গাছপালা ও জমিনের ফসলের ক্ষতি করায় লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। বাড়ি ঘরে হাতির আক্রমণের ভয়ে লোকজন রাত জেগে মশাল জ্বালিয়ে পাহারা দিচ্ছে। শনিবার (২১ জানুয়ারি) সকালে বড়লেখার সমনবাগ বনবিটের আওতাধীন দূর্গাপুর গ্রামে মৌলভীবাজার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ এবং সিলেট বন বিভাগ যৌথভাবে হাতি সংরক্ষণ বিষয়ক গণ-সচেতনতামুলক সভা করেছে। এসময় সভায় উপস্থিত লোকজনের মধ্যে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসন, হাতি ও মানুষ উভয়কে নিরাপদ রাখা এবং হাতি সংরক্ষণের কলাকৌশল সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।সভায় বক্তব্য দেন মৌলভীবাজারের বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার, রেঞ্জ কর্মকর্তা গোলাম সরোয়ার, বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, সমনবাগ বিট কর্মকর্তা নুরুল ইসলাম, রমিজ উদ্দিন প্রমুখ।
মুঠো ফোনে যোগাযোগ করা হলে, জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো, আলাউদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণ থেকে বাঁচতে বন বিভাগের পক্ষ থেকে সচেতনতামূল সবা সেমিনার ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

