এক বছরে ৭ বার শ্রেষ্ট ওসির থানায় আইন শৃঙ্খলার চরম অবনতি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

এক বছরে ৭ বার শ্রেষ্ট হওয়া কুলাউড়া থানার ওসির কাটছে এখন নির্ঘুম রাত। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি চুরির সাথে জড়িতদের গ্রেফতারে ব্যর্থতা, ব্যবসায়ীদের লাগাতার আন্দোলন কর্মসূচীতে এখন অনেকটা দিশেহারা তিনি। একের পর এক চুরি, খুন, ধর্ষণ, রাহাজানি আর অপমৃত্যু যেনো লেগেই আছে। ফলে কুলাউড়া উপজেলার আইন শৃঙ্খলার এখন চরম অবনতি দেখা দিয়েছে। চোরাই মালামাল উদ্ধারে ব্যবসায়ী নেতৃবৃন্দ ওসির সাথে বৈঠক, মানববন্ধন, সভা সেমিনার করেও কোন প্রতিকার হচ্ছেনা। ফলে ফুঁসে উঠছে কুলাউড়া বাজারের ব্যবসায়ীরা। চুরি রোধে ও মালামাল উদ্ধারে দিয়েছেন বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক। আগামী ১৬ জুলাই রোববার সকাল ১০টায় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে কুলাউড়া বাজারে ঘন ঘন চুরি, চোর ডাকাত ছিনতাইকারীদের গ্রেফতারে ব্যর্থ অফিসারদের অপসারনের দাবীতে প্রতীকী অনশন পালন করা হবে।

ব্যবসায়ীদের আন্দোলনের সূত্রপাত হয় শহরের সর্ববৃহৎ মার্কেট মিলিপ্লাজায় আপন ও জুনেদ টেলিকম নামের দু’টি দোকানে দিনের বেলায় ফিল্মি স্টাইলে চুরির ঘটনায়। ১ জুন বৃহস্পতিবার সকাল ৯টার সময় ঘটে যাওয়া ঔ দু;সাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীরা চোরাইকৃত মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতার করতে আন্দোলনে নামেন।। দুটি দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার মোবাইল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। এ ঘটনার সিসিটিভির ফুটেজ ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই প্রশাসনের প্রতি সাধারণ মানুষের বিরূপ মন্তব্য চলছে। মার্কেট ও দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটের সময় টি-শার্ট, প্যান্ট পরিহিত ৬-৮ জন যুবক পেছনে স্কুল ব্যাগ নিয়ে পৃথকভাবে মিলিপ্লাজা মার্কেটে প্রবেশ করেছে। তাদের সকলের মুখে মাস্ক লাগানো ছিলো। মার্কেটের দু’তলায় আপন ও জুনেদ টেলিকমের সামনে গিয়ে তারা একত্রিত হয়ে আবারো পৃথক স্থানে অবস্থান নেয়। এসময় দুটি দোকানের তালা কেটে দুই যুবক প্রবেশ করে বিভিন্ন ব্রান্ডের স্মার্ট ফোন ব্যাগে ভরতে থাকে। বাকিরা মার্কেটের প্রধান ফটকসহ বিভিন্ন পয়েন্টে পাহারায় ছিলো। মাত্র ১০ মিনিটে ফিল্মি স্টাইলে দুটি দোকানের শতাধিক স্মার্ট ফোন নিয়ে মার্কেটের পেছনের গেইট দিয়ে অনায়াশে বেরিয়ে যায় তারা। এদিকে এমন দুঃসাহসিক চুরির সিসিটিভির ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মাঝে নিন্দার ঝড় বইছে। অনেকেই কুলাউড়ার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন তুলছেন। চুরি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, মারামারি ও মাদকের ঘটনা সম্প্রতি সময়ে কুলাউড়ায় ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যা বিগত দিনের তুলনায় অনেক অনেক বেশি

পৌর শহরের বাজারে সাম্প্রতিককালে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এর প্রতিকার চেয়ে থানার ওসি মো. আব্দুছ ছালেকের সঙ্গে ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের বৈঠক ৩ জুন শনিবার রাতে অনুষ্ঠিত হয়।

বৈঠকে থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ ও মামলার তদন্তকারী কর্মকর্তা অপু চক্রবর্তী ছাড়াও ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, বর্তমান সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

থানা ভবনে অনুষ্ঠিত বৈঠকে সম্প্রতি শহরের দক্ষিণ বাজারস্থ খাজা ম্যানশনের কয়ছর টেলিকম ও উত্তর বাজারস্থ মিলিপ্লাজার জুনেদ টেলিকম এবং আপন টেলিকমে চুরি হওয়া মোট ২২ লক্ষাধিক টাকার মালামাল দ্রুত সময়ের মধ্যে উদ্ধারসহ চোরদের গ্রেপ্তারের জন্য ওসির কাছে জোর দাবি জানান ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।

এদিকে কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বুধবার দুপুরে কুলাউড়া থানা ভবনে বাজারে সাম্প্রতিককালে ঘটে যাওয়া চুরি, ডাকাতি ও ছিনতাই রোধসহ জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ও থানার ওসি মো. আব্দুছ ছালেক।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চুরি ডাকাতি ছিনতাইয়ের বিভিন্ন চিত্র পুলিশ সুপারের কাছে তুলে ধরে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পুলিশ সুপার মো. জাকারিয়া চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে প্রধান করে ৫ সদস্যের একটি বিশেষ টিম গঠন করে আগামী ২৮ জুনের মধ্যে দৃশ্যমান অগ্রগতির নির্দেশ দেন। এ ছাড়া পুলিশ সুপার কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিন-রাতে পুলিশি টহল জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

এদিকে প্রায় ২০ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়া মামুন মিয়া নামে এক চোরকে ১৬ জুন শুক্রবার ভোরে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মামুন শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।  কিন্তু মামুনের কাছ থেকে কোন মালামাল উদ্ধার করতে না পারায় ব্যবসায়ীরা পুলিশের বেশ কর্মকান্ডে নাখোশ হোন।

এদিকে ৮ জুন দুপুরে কুলাউড়া হাসপাতাল রোডে এক দোকানের ক্যাশ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় এক চোর আটকের পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

১০ জুলাই সোমবার ভোরে পৌর শহরের মাগুরা এলাকায় কুলাউড়ায় বাসার সামনে থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদের প্রাইভেটকার চুরি হয়েছে। চুরির ঘটনায় সোমবার দুপুরে গাড়ির মালিকের স্ত্রী রেজিয়া আহমেদ কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গাড়িটির বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। যার নম্বর ঢাকা মেট্রো-গ ২৫-০১৮৪।

৩ জুলাই সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে জিলান মোটরসাইকেলযোগে তার ছোট ভাইকে শহরে বাসে তুলে দিতে গিয়ে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় আহতের পর সিলেটের একটি হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭ জুলাই রাতে মারা যায়।

৯ জুলাই রোববার বকেয়া টাকা চাওয়ায় ও বাকিতে পণ্য না দেওয়ায় মারধরের শিকার হয়ে মোহাম্মদ নজাক আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে, গত ২৯ জুন (ঈদের দিন) সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পুষাইনগর বাজারে এ ঘটনা ঘটে।

১৭ জুন শনিবার রাতে  পৌরসভা এলাকার সাদেকপুরের বাসিন্দা মতিউর রহমান জুনেলের বাসার আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকার মূল্যবান জিনিশপত্র চুরি করে নিয়ে যায় চোরেরা।

১৩ জুন মঙ্গলবার মিলিপ্লাজা শপিংমল’র সকল দোকানপাট বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা। ব্যবসায়ী কল্যাণ সমিতি ৭নং ওয়ার্ডের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী শপিংমলের সম্মুখে দুইশতাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়ার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল।

১২ জুন সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশি টহল জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়।

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে সংখ্যালঘু এক নারী (৩৪) কে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এসময় ঘটনার স্থিরচিত্র ভিডিও ধারণ করে ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করে নগদ অর্থও হাতিয়ে নিয়েছে ধর্ষকরা।  এমন কান্ডটি ঘটিয়েছেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বক্সের ছোট ভাই ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ ছালিক বক্স (৪০), মানগাঁও গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে হাসানুল বারী সানী (২৬) ও শরীফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুর রহমান (৩২)। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে গত ৩ জুলাই চেয়ারম্যানের ভাই ছালিক বক্সকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।  পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুন ঈদের দিন মৌলভীবাজার শহরের এক নারী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। বাসায় ওই নারীকে রেখে ব্যবসায়ী আত্মীয় বাজারে তাঁর দোকানে যান। রাতে ওই নারী বাসায় একা থাকার সুবাধে চেয়ারম্যানের ভাই ছালিক বক্স তাঁর সহযোগী হাসানুল বারী সানীকে নিয়ে দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। ওই সময় ছালিক বক্স ও হাসানুল বারী সানী ওই নারীকে ধর্ষণ করেন। এ কাজে তাদের সহায়তা করেন তাদের সহযোগী শরীফপুর ইউনিয়নের ইউপি সদস্য সাইফুর রহমান। এসময় আসামীরা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করেন। স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না দেওয়ার শর্তে ২ লাখ উৎকোচ দাবি করেন তারা। পরে ভিকটিমের আত্মীয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে আসামীরা। পরে ওই ভিকটিম গত সোমবার এ ঘটনায় বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ ও সহায়তাসহ নগ্ন স্থিরচিত্রসহ ও ভিডিও মোবাইলে ধারণ করে ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় করার অপরাধের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলার আসামীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের এক কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মুহিবুর রহমান নামের এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী কুলাউড়া থানা ও মৌলভীবাজার নারী-শিশু আদালতে মুহিবুর রহমানের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছেন। মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগশন (পিবিআই) মৌলভীবাজারকে নির্দেশনা দিয়েছেন আদালত।

কুলাউড়ায় মধ্যযুগীয় কায়দায় দেবরের হাতে নির্যাতনের শিকার হয়েছেন সুরমা বেগম (২৮) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের দোয়াল গ্রামের বাসিন্দা। ভয়াবহ নির্যাতনের দাগ এখনও তার শরীরে স্পষ্ট রয়েছে।

হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে জানান সুরমা বেগম। তিনি জানান, তার দেবর লতিফ মিয়া (২৮) প্রায়‌ই বাড়িতে সকলের সাথে অসদাচরণ করে থাকে। গত ২৯ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার উপর অতর্কিত হামলা চালায় লতিফ।

মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের শিকারের চিহ্ন তার শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে। স্বামী জহির আলী বাইরে কাজে থাকা অবস্থায় এ হামলার স্বীকার হন তিনি। হামলার সময় লতিফ তার শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড জোরে কিল-ঘুষি দিলে একটি দাঁতও ভেঙে যায়।

কুলাউড়ায় নিজের সপ্তম শ্রেণিতে মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে আফতাব আলী ওরফে চিনু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের গিয়াসনগর গ্রামের কাছিম আলীর ছেলে।

কুলাউড়ায় ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন মধ্যপ্রাচ্য প্রবাসী জুনাব আলীর স্ত্রী দিলারা বেগম। গত ৩ জুন উপজেলার কর্মধা ইউনিয়নের স্বামীর বাড়ি থেকে লাপাত্তা হয়েছেন।

স্বামীর পরিবারের লোকজন মারপিট করে দিলারা বেগমকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ তার ভাই আবুল কালামের। তিনি তার বোন নিখোঁজের ব্যাপারে কুলাউড়া থানাসহ স্থানীয় লোকজনের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাচ্ছেন না বলে গণমাধ্যম কর্মীদের অবহিত করেন।

কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে ওয়ারিছ মিয়া নামে এক ট্রলিচালককে মারধরের অভিযোগ উঠেছে। গত ৩০ জুন উপজেলার সদর ইউনিয়নের গুতগুতি গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওয়ারিছ মিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া ইউনিয়নের গুতগুতি গ্রামের আকলাস মিয়া চৌধুরীবাজার-রাঙ্গিছড়া সড়কের ইট চুরি করে নিয়ে যান। এতে টানা বৃষ্টিপাতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি সদস্য লিটন হোসাইন ইটের কংক্রিট দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করেন। এ ছাড়াও সরকারি সড়ক নিজের বলে দাবি করেন আকলাস।

৩০ জুন রাউৎগাঁও ইউনিয়নের ট্রলিচালক ওয়ারিছ মিয়া ওই রাস্তা দিয়ে মালামাল পরিবহনের সময় রাস্তায় খুঁটি দেওয়া ও গর্ত করা দেখতে পান। এ সময় অভিযুক্ত আকলাস মিয়া এগিয়ে এলে ট্রলিচালক ওয়ারিছ মিয়া এর প্রতিবাদ করলে ওয়ারিছ মিয়াকে মারধর করেন আকলাস।

এ বিষয়ে রাউৎগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিটন হোসাইন জানান, চৌধুরীবাজার-রাঙ্গিছড়া সড়কের গুতগুতি এলাকার আংশিক সড়ক আকলাস মিয়া নিজের বলে দাবি করেন। অথচ এই সড়কটি সরকারি। এ নিয়ে কয়েকবার উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে বিষয়টি অবগত করা হয়েছে।

কুলাউড়ায় সেলিনা বেগম (২০) নামে এক গৃহবধূকে শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তারই স্বামী রুহুল আমিন জাকারিয়ার বিরুদ্ধে। সেইসাথে সদ্য ভূমিষ্ঠ তাদের শিশুসন্তানকেও পিতৃপরিচয়ে তিনি অস্বীকৃতি দিচ্ছেন বলেও অভিযোগ তার স্ত্রীর।

উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামের বাসিন্দা সেলিনার সঙ্গে ২০২১ সালের নভেম্বরে একই গ্রামের বাসিন্দা মৃত আহমদ মিয়ার ছেলে রুহুল আমিন জাকারিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সেলিনার স্বামী, শাশুড়ি ও দেবর মিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেলিনাকে প্রায়ই মানসিক ও শারীরিকভাবে নিযার্তন করতেন।

এ নিয়ে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে ক্ষিপ্ত হয়ে উঠে সেলিনার স্বামী। ক্ষিপ্ত হয়ে জাকারিয়া গত ৪ জুন সেলিনার বাবার বাড়ি গিয়ে সেলিনার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় সেলিনা মাথায় মারাত্মকভাবে জখম হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মুমূর্ষু অবস্থা দেখে জেলা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) আইনি সহায়তার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে একটি পত্র প্রেরণ করে। পত্র পাওয়ার পর জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

২ জুলাই রোববার সকালে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে হাসান (৪) ও হাবিবা (২) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু হাজীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার সন্তান।

২২ জুন বৃহস্পতিবার সকালে কুলাউড়ায় নিজের ট্রাক্টর উলটে রাস্তার খাদে পড়ে সাগর দত্ত (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত সাগর টিলাগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত সুবল দত্তের ছেলে।

১২ জুন সোমবার কুলাউড়ায় পানিতে ডুবে আবেদ আহমদ (২১) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। আবেদ উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা গ্রামের মো. চেরাগ মিয়ার ছেলে।

২৭ মে শনিবার দুপুরে রাজনগর উপজেলায় সাহাব উদ্দিন (৩৫) নামে এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হাজীনগর চা বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাহাব উদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া চা বাগান এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

৪ জুলাই মঙ্গলবার ভোরে কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দেলোয়ার (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

২৯ মে সোমবার দুপুরে কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ। উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ইছবপুর রেলব্রিজ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

৭ জুন বুধবার কুলাউড়ায় কাভার্ডভ্যান চাপায় জালাল উদ্দিন নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোয়াইউনি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জালাল ময়মনসিংহ জেলার মুক্তগাছা উপজেলার বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন হিসেবে দীর্ঘদিন ধরে কুলাউড়া পৌর এলাকায় থাকতেন বলে জানায় পুলিশ।

১৭ মে বুধবার রাতে কুলাউড়ায় বনবিভাগের ভাটেরার বিট কর্মকর্তা হাফিজুর রহমান (৩৫) ও স্টাফ ফরমান আলী (৩২) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। উপজেলার ভাটেরা ফরেস্ট অফিস সংলগ্ন কুলাউড়া-সিলেট রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

৯ এপ্রিল রোববার কুলাউড়ায় বেপরোয়া টমটম গাড়ির ধাক্কায় সোহান আহমদ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সন্ধ্যায় উপজেলার মনসুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।

১৬ এপ্রিল রোববার দুপুরে কুলাউড়ায় উসমান মিয়া (৫৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলি পুঞ্জির নিচের একটি টিলা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। উসমান ওই ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।

২৯ এপ্রিল শনিবার রাতে কুলাউড়ায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনায় বিজিবির ২ সদস্য আহত হয়েছেন। উপজেলার আলীনগর সীমান্তের লোটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহতরা হলেন আলীনগর বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. হাসিবুল ইসলাম ও সিপাহি মো. সাখাওয়াত হোসেন।

৭ মে রোববার বিকেলে জুড়ীতে হাতি আনতে গিয়ে হাতির আক্রমণে কুলাউড়ার রাসেল মিয়া (৪০) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে। জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। রাসেল কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

৯ মে মঙ্গলবার কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা সুনিল গোয়ালার (৩০) মৃত্যু হয়েছে। সন্ধ্যায় উপজেলার গাজীপুর চা বাগান এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় চাচা চন্দ্র গোয়ালা পলাতক রয়েছেন। নিহত সুনিল ওই বাগানের শ্রমিক কমল গোয়ালার ছেলে।

১৭ এপ্রিল সোমবার রোজিনা বেগম (২৫) নামে এক পুত্রবধুকে শশুর ও স্বামী কর্তৃক নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাউর হলে মুহুর্তের মধ্যে সেটি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

১ এপ্রিল শনিবার সকালে কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় ছত্রী (২৪) নামে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজারের হলিছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ছত্রী কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের টিলাক্লার্ক কংখন ছত্রীর একমাত্র ছেলে ও সিলেটের সাংবাদিক সজল ছত্রীর ভাতিজা। তিনি ট্রাস্ট ব্যাংক সিলেট শাখায় সদ্য যোগদান করেছিলেন।

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ২ সন্তান রেখে উধাও এক মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রী। আত্মগোপনে থেকে অপহরণ কিংবা গুম নাটক করে যাতে হয়রানি না করতে পারে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। জানা যায়, আরব আমিরাত প্রবাসী ও উপজেলার কর্মধা ইউনিয়নের জুনাব আলীর সাথে একই ইউনিয়নের ট্রাট্রউলি গ্রামের মৃত লতিফ মিয়ার মেয়ে দিলারা বেগম (৩৫) সাথে ১২-১৩ বছর আগে বিয়ে হয়। আল আমিন (১০) ও আমিনুল (৭) নামক তাদের ২ ছেলে সন্তান রয়েছে।

সোমবার ১৯ জুন সংবাদ সম্মেলনে প্রবাসীর ভাই মো: আইয়ুব আলী অভিযোগ করেন, ভাই বিদেশে থাকার সুযোগে তার স্ত্রী দিলারা বেগম পরকীয়ায় লিপ্ত হয়। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলছিলো।

এরমধ্যে স্ত্রীর কিছু অশ্লীল ভিডিও পান স্বামী। জুনাব আলী প্রবাস থেকে গত ২৪ মে স্ত্রী দিলারা বেগমকে তালাক প্রদান করেন।

তালাকনামা ডাকযোগে স্ত্রীর বাবার বাড়িতে পৌঁছালে দিলারা বেগম স্বামীর পরিবারের লোকজনকে গালাগালি করেন এবং ২ সন্তানকে নিজ হাতে জবাই করার এবং নিজে আত্মহত্যার হুমকি দেন। এ সব বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন কুলাউড়া থানায়। গত ২৫ মে রাতে ২ সন্তানকে ঘুমে রেখে উধাও হন দিলারা বেগম।

-১০ জুলাই সোমবার কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। সিলেট রেঞ্জ পুলিশের ত্রৈ-মাসিক অপরাধ সভায় রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম (সেবা) শ্রেষ্ঠ এসআই সুজন তালুকদারকে সম্মাননাপত্র ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রিনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) এমএ জলিল, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ সিলেট রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, থানার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটনে ভূমিকা রাখায় এসআই সুজন তালুকদারকে এই স্বীকৃতি দেওয়া হয়।

১৪ জুন বুধবার দুপুরে সপ্তম বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হোন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুছ ছালেক।

পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারের ক্রেস্ট তার হাতে তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

থানাসূত্রে জানা যায়, ওসি আব্দুছ ছালেক কুলাউড়া থানায় যোগদানের পর গত ১ বছর থেকে থানায় আগত সেবাগ্রহীতাদের মানবিকভাবে পুলিশি সেবা প্রদান-সেবার মান বৃদ্ধি, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতি, খুন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার, চোরাইকৃত গরু উদ্ধারসহ চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, নারী নির্যাতন ও ইভটিজিংরোধ এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিশেষ অবদান রাখায় তাকে অভিন্ন মানদণ্ডের আলোকে টানা সপ্তম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

ব্যবসায়ীদের লাগাতার আন্দোলনের সময় পুলিশের এই পুরস্কার প্রাপ্তীকে ব্যবসায়ীরা দেখছেন বাঁকা চোখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *