জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা আক্তারকে রূপালী ব্যাংক ঘোষিত ঈদ আনন্দ বিশেষ রেমিট্যান্স সেবায় ২য় পুরস্কার ভুষিত করা হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া শাখা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন পুরস্কার বিজয়ী শিক্ষিকা শামীমা আক্তারের হাতে ৪৩ ইঞ্চি এলইডি টিভি ব্যাংকের পক্ষ থেকে হস্তান্তর করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রূপালী ব্যাংকের কুলাউড়া শাখা ব্যবস্থাপক পারভেজ আহমদের সভাপতিত্বে ও মৌলভীবাজার জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মো. আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন বলেন, দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। তাদের কঠোর পরিশ্রমের কারণে অর্জিত রেমিট্যান্স বৈধভাবে দেশে পাঠানোর জন্য রূপালী ব্যাংকের পক্ষ থেকে গত ঈদুল আযহায় ঈদ আনন্দ বিশেষ রেমিট্যান্সস সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সেই সেবা কর্মসূচিতে সারাদেশের মধ্যে কুলাউড়ার শিক্ষিকা শামীমা আক্তার ২য় পুরস্কার লাভ করেছেন। এ ছাড়া প্রবাসীদের বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে বলে রূপালী ব্যাংকের এই কর্মকর্তা জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের মৌলভীবাজার জোনাল অফিসের জোনাল ম্যানেজার ও উপ মহাব্যবস্থাপক জয়া চৌধুরী, কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. এখলাছ মিয়া, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মছব্বির আলী, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম, কুলাউড়া রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী, আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ শফিকুর রহমান সিদ্দিকী, কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখর উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল প্রমুখ।

