ভালোবাসা খুনী হয়ে গেছে!

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

ছোট হয়ে গেছে পৃথিবীটা, ছোট হয়ে গেছে মানুষের মন। ভালোবাসা খুনী হয়ে গেছে/আসে তাই পুলিশী সমন। কবির এই অমর কথাগুলো আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ধিক্ সেই মাকে, যে মা লোকলজ্জার ভয়ে তার নাড়ীছেড়া ধনকে হত্যা করে ফেলে দিয়েছে আস্তাকুঁড়ে।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাস্তার পাশ থেকে এক মৃত নবজাতককে (ছেলে) উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয়রা বলছেন, অবৈধ সম্পর্কে শিশুটির ভূমিষ্ট হওয়ার পর কেউ এটিকে ফেলে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দা সুজাদ খান উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে রাস্তার পাশে একটি পলিথিন দেখতে পান। পরে কৌতুহলী হয়ে এগিয়ে এলে দেখতে পান পলিথিনের ভিতর এক নবজাতক। বিষয়টি পাশ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য মাসুমুর রহমানকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়, উপ-পরিদর্শক মো. মোশাররফ হোসেন, আজিজুল গাফফার সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা বলছেন, কোনো অবৈধ সম্পর্কের জেরে শিশুটির জন্ম হয়ে থাকতে পারে। বৈধ হলে শিশুটির প্রকৃত পিতা-মাতা এভাবে ফেলে না রেখে সৎকার করত। নিজেরা ঝামেলা এড়িয়ে গিয়ে মসজিদের সামনে ফেলে গেছে যাতে আশেপাশের মানুষ জানাযা-মরদেহ দাফন করে।

ইউপি সদস্য মাসুমুর রহমান বলেন, অবৈধ সম্পর্কের কারণে এই শিশুটির জন্ম হয়েছে। মসজিদের পাশে দুইটি সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরা দেখলে হয়তো অপরাধিদের সনাক্ত করা যাবে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কেউ মৃতদেহটি পলিথিনে মোড়িয়ে রাস্তার পাশে রেখে গেছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *