কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা, ছাত্রছাত্রীদের উপস্থিতি ও শিশুদের স্কুলে ভর্তিনিশ্চিত করণের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার বিকেলে পশ্চিম পৃথিমপাশায় রহম উদ্দিনের বাড়িতে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত উঠান বৈঠকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ আশফাক হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সজল বৈদ্য, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইয়াছমিন ইমরান, অভিভাবক সদস্য রহম উদ্দিন, অভিভাবক রহমত আলী, মুন্নি বেগম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের অভিভাবকসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর বলেন, করোনা সংকটের সময় বিগত দুই-তিনবছর বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মেধা বিকাশে পিছিয়ে পড়েন। শিক্ষার্থীদের স্কুলমুখী ও ভালো ফলাফলের জন্য গ্রামের বিভিন্ন এলাকায় অভিভাবকদের সচেতন করতে উঠান বৈঠক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো বলেন, শিক্ষিত হওযার দরকার নেই, সুশিক্ষিত হওয়া দরকার। শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসলে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবেই। আর এ ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি। এজন্য তিনি নিয়মিত শিশুদের স্কুলে পাঠানোর জন্য উপস্থিত অভিভাবকদের প্রতি আহবান জানান।

