ডা: সাঈদ এনাম: অনেক সময় কিছু মানুষ এমন এক অদ্ভুত মানসিক অভিজ্ঞতার মধ্যে পড়েন, যেখানে তারা জানেন বাস্তবতা কী, তবুও মনে হয় যেন বিষয়টা অন্য কিছু। যেমন, একজন রোগী বললেন, “আমার কাঁধে একটি টাওয়াল আছে, কিন্তু মনে হয় এটি টাকা। যতক্ষণ না মুখে বলি ‘এটা টাকা না’, ততক্ষণ সেই অনুভূতি কাটে না।” এমনকি হাতে কাগজ, কাপড়, খেলনা বা অন্য কোনো জিনিস (টাকা ছাড়া) থাকলেও তার মনে হতে থাকে— হাতে যেন টাকা আছে। কিন্তু যখন তিনি মুখে বলেন বা উচ্চারণ করেন বস্তুটির আসল নাম, তখনই ভুল ধারণাটা মিলিয়ে যায়, মন শান্ত হয়ে যায়- যা আছে, সেটাই মনে হয়। এ ধরনের অভিজ্ঞতাকে প্রথমে অনেকেই ডিলিউশন বা ভ্রান্ত ধারণা মনে করেন, কিন্তু আসলে তা নয়। কারণ এখানে ব্যক্তি বাস্তব আর অবাস্তবের পার্থক্য বোঝেন, শুধু জোর করে একটি চিন্তা মাথায় আসে, যা তাকে অস্বস্তিতে ফেলে। সেই অস্বস্তি কমাতে তিনি মুখে বলেন বা যাচাই করেন— এটি একটি মানসিক প্রতিক্রিয়া। এই জোরপূর্বক ও বারবার ফিরে আসা চিন্তাই হলো Obsessive-Compulsive Disorder (OCD)-এর একটি প্রকাশ। গ্রামীণ ভাষায় সুচিবায় রোগ বলে। সুচিবায় রোগের নানা রকম উপসর্গ হয়ে থাকে। প্রতিদিনই আমাদের কাছে নানা রকম উপসর্গ নিয়ে এমন রোগীরা আসেন। আজকের কেইস হিস্ট্রি উপসর্গকে বলা হয় obsessional doubt with compulsion— অর্থাৎ সন্দেহ ও তা যাচাই করার বাধ্যবাধকতা। দৈনন্দিন জীবনে এই উপসর্গ গুলোকে ছোট করে দেখা উচিত নয়, কারণ সময়ের সঙ্গে এটি এনজাইটি (উদ্বেগ) বাড়াতে পারে এবং দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটাতে পারে। আশার কথা হলো— সঠিক মানসিক চিকিৎসা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। এমন উপসর্গ দেখা দিলে দেরি না করে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা নিলে জীবনের মান অনেকটাই উন্নত হয়।
লেখক–সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি, সিলেট মেডিকেল কলেজ। ইন্টারন্যাশনাল ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

