কুলাউড়ায় বেড়িবাঁধের মাটি কাটার সময় ধস, দিনমজুর নিহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

কুলাউড়ায় মনু নদের বেড়িবাঁধের মাটি ধসে এক দিনমজুর নিহত হয়েছেন। রোববার গভীর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদের তীরবর্তী রণচাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রণ মালাকার (৪০)। তিনি রণচাপ গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে রণচাপ গ্রামে কিছু নিচু জমিতে পানি জমে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ফসলের আবাদ ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় পানি নিষ্কাশনের জন্য স্থানীয় লোকজন মনু নদের বেড়িবাঁধ কেটে একটি পাইপ স্থাপনের উদ্যোগ নেন। রোববার দিবাগত রাত দুইটার দিকে তাঁরা একটি খননযন্ত্র (এক্সকাভেটর) ভাড়া করে এনে মনু নদের বেড়িবাঁধ কাটার ব্যবস্থা করেন। ওই সময় রণ মালাকার সেখানে কোদাল দিয়ে টেনে নিচের মাটি সমান করছিলেন। একপর্যায়ে ওপরে স্তূপ করে রাখা মাটি ধসে তাঁর ওপর পড়ে। প্রায় এক ঘণ্টা খননযন্ত্র নিয়ে চেষ্টা চালিয়ে মাটি অপসারণের পর তাঁর লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেড়িবাঁধের মাটি কাটা আইনবিরুদ্ধ কাজ বলে মন্তব্য করেছেন হাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বিধান দত্ত। তিনি বলেন, এ কারণে স্থানীয় লোকজন গভীর রাতে কাজটি করছিলেন। রণ মালাকারের উপার্জনে তাঁর সংসার চলত। পরিবারে তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে আছেন। কুলাউড়া থানার এস আই মুহিত মিয়া বলেন, প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য রণ মালাকারের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *