জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হলেন সুধীর বিশ্বাস (৪৮) নামের এক ব্যক্তি। নিহত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের চক গ্রামের বাসিন্দা। পেশায় তিনি মাছ ব্যবসায়ী। এরআগে বৃহস্পতিবার বিকেলে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান সুধীর বিশ্বাস। ২৭ মার্চ শুক্রবার সকালে কাউকে না জানিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে পড়েন। এক ঘণ্টা পর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রেললাইনে তাঁর দ্বিখন্ডিত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। শুক্রবার সকালে কুলাউড়া পৌরসভার আলালপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
কুলাউড়া রেলওয়ে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাকিচার গ্রামে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান সুধীর বিশ্বাস। শুক্রবার সকাল ছয়টার দিকে পরিবারের কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েন তিনি। সকাল সাতটার দিকে কুলাউড়া পৌরসভার আলালপুর এলাকায় রেললাইনে এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা ছিল। এসময় লাশের পাশ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়। ওই মুঠোফোনের মাধ্যমে তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগ হলে তাঁরা গিয়ে লাশটি শনাক্ত করেন।
সুধীর বিশ্বাসের শ্যালক গোপাল বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তারা ছুটে যান। তাঁর ভগ্নিপতি সুধীর শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। কেন সুধীর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন, সেটা তাঁরা জানেন না।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকাল সাতটার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাসের মৃত্যু হয়। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

