শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইক (টমটম) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়া (৩০)কে আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ। দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটিও জব্দ করা হয়েছে।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা মেট্রো-ট-২৪৬৮৯৭ নম্বরের বালুবাহী একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পাটিও মারাত্মকভাবে জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত মান্নানকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি সিন্দুরখান রোড এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি তিন সন্তানের জনক।

এ ঘটনায় সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ড্রাম ট্রাকের চালক জোনায়েদ ও হেলপার রানা মিয়াকে আটক করেছে। দুর্ঘটনায় ব্যবহৃত ড্রাম ট্রাকটিও জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *