মৌলভীবাজারে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নজরুল বর্ষ উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক উত্তরাধিকার, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাযিল ও কামিল স্তরের মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা পর্যায়ে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার হলরুমে নজরুল বর্ষ উদযাপন জেলা কমিটির আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
নজরুল বর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ আখলাকুল আম্বিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, শ্রীপুর জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শামছুল হক, সুজাউল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবীবুর রহমান।
আয়োজক সূত্রে জানা গেছে, নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাযিল ও কামিল স্তরের মাদ্রাসাসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঁচটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো কবি নজরুল রচিত হামদ ও নাত, নজরুলের ইসলামী সঙ্গীত/গজল, নজরুলের কবিতা আবৃত্তি, নজরুল সম্পর্কিত উপস্থিত বক্তৃতা, রচনা (নজরুল ও মানুষের মুক্তি)। প্রতিযোগিতায় হামদ ও নাতে ১ম স্থান অর্জন করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. আব্দুস ছালাম, ২য় শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী মো. উবায়দুর রহমান সবুজ। সঙ্গীত/গজলে ১ম স্থান অর্জন করেন হিংগাজিয়া ফাযিল মাদ্রাসার ছাত্র রেদওয়ানুল ইসলাম কাবুল, ২য় শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাযিল মাদ্রাসার মো. উবায়দুর রহমান সবুজ। কবিতা আবৃত্তিতে ১ম স্থান অর্জন করেন শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী মো. আব্দুল আহাদ, ২য় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ছাত্র জাফর হোসেন খাঁন। উপস্থিত বক্তৃতায় ১ম স্থান অর্জন করেন মনসুর মোহাম্মদিয়া ফাযিল মাদ্রাসার ছাত্র জাহিদুল ইসলাম ফেরদৌস, ২য় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ছাত্র আতিকুর রহমান নাঈম। রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ছাত্র আতিকুর রহমান নাঈম, ২য় শ্রীপুর জালালিয়া ফাযিল মাদ্রাসার ছাত্রী নাজিরা ইসলাম ত্বোহা। আলোচনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা। এসময় মাদ্রাসার সকল বিভাগের শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *