মৌলভীবাজার প্রতিনিধি: জুড়ী উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গোয়ালবাড়ী ইউনিয়নে ভারতের সীমান্তঘেঁষা পশ্চিম কচুরগুল গ্রাম। জুড়ী-লাঠিটিলা পাকা সড়ক পেরিয়ে পশ্চিম কচুরগুলের রাস্তা। কিছুটা পথ ইট বিছানো, আবার কিছুটা কাঁচা। রাস্তার দুপাশে সবুজ ছোট-বড় টিলা নজর কাড়ে। টিলার ওপর মানুষের বাড়িঘর। সেখানে টিলার ঢালে লাগানো জাম্বুরাগাছে ফল ধরেছে। ফলনের ভারে অনেক গাছের ডাল নুয়ে পড়েছে। স্থানীয় অনেক টিলায় নানা জাতের ফলের বাগান করেছেন কেউ কেউ। এর মধ্যে জাম্বুরা, মাল্টা, কমলা ইত্যাদি রয়েছে। জুড়ীর গোয়ালবাড়ী ও পূর্ব জুড়ী ইউনিয়নসহ পাশের বড়লেখা উপজেলার সীমান্তে পাথারিয়া পাহাড় বনাঞ্চল পড়েছে। ওই বনাঞ্চল বাংলাদেশ ও ভারতের সীমানা ভাগ করে দিয়েছে। পাথারিয়া পাহাড় বনাঞ্চলের একটি অংশ লাঠিটিলা সংরক্ষিত বন। এ বন জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নে পড়েছে। বনে সামাজিক বনায়ন বাড়ায় ধীরে ধীরে জাম্বুরাগাছের সংখ্যা কমে যেতে থাকে। এরপর বীজের মাধ্যমে আশপাশের লোকালয়ে এ ফলের চাষাবাদ শুরু হয়। পশ্চিম কচুরগুলের বাসিন্দা সত্তরোর্ধ্ব ছুরকুম আলী বংশপরম্পরায় এ ফলের চাষ করছেন। তাঁর বাগানে অন্তত ৬০০ জাম্বুরাগাছ আছে। এক সময় নিজেই চট্টগ্রামে আড়তে ফল বিক্রি করতেন। এখন ফল ধরার পর স্থানীয় পাইকাররা বাগান কিনে নেন। এবার দেড় লাখ টাকায় বাগানের সব জাম্বুরা বিক্রি করে দিয়েছেন। তবে, পরিপক্ব না হওয়ায় এখনো তাঁর বাগানের ফল সংগ্রহ শুরু হয়নি। ফল পাকার আগেই কাঠবিড়ালি তা নষ্ট করে ফেলে। এ কারণে এলাকার অনেকে আগেভাগে বিক্রি শুরু করে দিয়েছেন। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বিক্রি শুরু হয়। গড়ে একটি জাম্বুরার পাইকারি দাম পড়ে ১৫ থেকে ২০ টাকা। ঢাকাতেই বেশি যায়। প্রতিদিন বড় ট্রাকে ৪০০-৫০০ আর ছোট ট্রাকে ২০০-২৫০ বস্তা করে জাম্বুরা বোঝাই করে নেওয়া হয়। প্রতি বস্তায় আকারভেদে ৪০ থেকে ৬০টি জাম্বুরা থাকে। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ফল পরিপক্ক হয়। এখনকার চাষিদের মধ্যে আগে উন্নত জাত সম্পর্কে কোনো ধারণা ছিল না। এ কারণে বিক্রির সময় তারা ভালো দাম পেতেন না। জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, বিভিন্ন এলাকা থেকে তাঁরা বেশ কিছু জাতের জাম্বুরা সংগ্রহ করে আনেন। এর পর পরীক্ষা-নিরীক্ষা চালান। ফলের রং, পাল্প (ফলের ভেতরে খাবারের আঁশযুক্ত নরম অংশ) সহজে ওঠে কি না, মিষ্টতা ও রসের পরিমাণের ওপর ভিত্তি করে ১২টি জাতকে উন্নত চিহ্নিত করেন। হর্টিকালচার বিভাগের সহযোগিতায় ১২টি জাতের মধ্যে আপাতত দুটি জাতের চারা উৎপাদন করা হবে কলম পদ্ধতিতে। চারা হলে তা কৃষকদের মধ্যে বিতরণের পাশাপাশি প্রদর্শনীর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০২২ সালের দিকে কৃষি বিভাগ ‘লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদনবৃদ্ধি প্রকল্পের’ আওতায় অনুসন্ধান চালিয়ে ‘জুড়ী বাতাবিলেবু-১’ ও ‘জুড়ী বাতাবিলেবু-২’ নামে এখানকার দুটি জাতের জাম্বুরা সম্প্রসারণের উদ্যোগ নেয়। কলম পদ্ধতিতে দুটি জাতের প্রায় চার হাজার চারা উৎপাদন করে প্রকল্পভুক্ত ১২৭টি উপজেলায় সম্প্রসারণ ও প্রদর্শনী করা হয়।
জুড়ীর বাতাবিলেবু বা জাম্বুরার চাহিদা বাড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। সিলেটের গণ্ডি পেরিয়ে এখন রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে এ ফল। এতে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি, এসেছে অনেক পরিবারের আর্থিক সচ্ছলতা। সম্ভাবনাময় এই ফল বিদেশে রপ্তানির স্বপ্নও দেখছেন কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। স্থানীয়ভাবে ‘মাতুল জামির’ নামেও পরিচিত এ ফলের স্বাদে রয়েছে টক, মিষ্টি ও হালকা তিতার মিশ্রণ। স্বতন্ত্র স্বাদের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে জুড়ীর জাম্বুরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার হায়াছড়া, শুকনাছড়া, জামকান্দি, দুর্গাপুর, গোবিন্দপুর, বিনোদপুর, লালছড়া, রূপাছড়া, লাঠিটিলা, ডোমাবাড়ী, কুচাইরতল, কচুরগুল ও পুটিছড়াসহ বিভিন্ন গ্রামের টিলাবাড়ি এবং বসতবাড়ির আশপাশে জাম্বুরার আবাদ হচ্ছে। বর্তমানে প্রায় ৬৬ হেক্টর জমিতে ১০ হাজারের মতো জাম্বুরাগাছ রয়েছে। চলতি মৌসুমে ফল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২০০ মেট্রিক টন। কৃষকদের ভাষ্য, একটি প্রাপ্তবয়স্ক গাছে সাধারণত ১০০ থেকে ৫০০টি জাম্বুরা ধরে। তবে কোনো কোনো গাছে ফলের সংখ্যা এক হাজার পর্যন্ত হতে পারে। সঠিক পরিচর্যা ও উপযুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ ফলের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। জাম্বুরা ভিটামিন সি-সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। গ্রামীণ জনপদের টিলাময় পরিবেশে এ ফলের গাছ ভালো জন্মে। অনেক ক্ষেত্রে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ ও পতিত জমিতেও জাম্বুরার চাষ হচ্ছে। তুলনামূলক কম খরচে চাষাবাদ এবং বাজারে বাড়তি চাহিদা থাকায় কৃষকদের কাছে এটি অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় একটি ফল। জুড়ী উপজেলার লাঠিটিলা সড়কের কালামাটি নামক ত্রিমুখী পয়েন্টে ব্যস্ত সময় পার করছেন জাম্বুরার ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকা থেকে ছোট পিকআপভ্যানে করে জাম্বুরা এনে সেখানে জড়ো করা হচ্ছে। পরে আকার অনুযায়ী বাছাই করে বস্তাবন্দী করা হচ্ছে এসব ফল। এরপর বড় ট্রাকে করে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন ফলের বাজারে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর জুড়ী থেকে উল্লেখযোগ্যসংখ্যক ট্রাক জাম্বুরা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। একসময় স্থানীয় বাজারে এ ফলের চাহিদা সীমিত থাকলেও এখন শহরের বাজারগুলোতে এর ভালো চাহিদা রয়েছে। স্থানীয় ব্যবসায়ী কালা মিয়া ও হেলাল উদ্দিন আরও কয়েকজন জানান, তাঁরা প্রতিবছর অগ্রিম চুক্তিতে একাধিক জাম্বুরাবাগান কিনে নেন। মৌসুমে শ্রমিক দিয়ে গাছ থেকে ফল সংগ্রহ করে সড়কের পাশে নির্ধারিত স্থানে নিয়ে আসেন। এরপর আকার অনুযায়ী বাছাই করে বস্তাবন্দী করা হয়। পরে বড় ট্রাকে করে এসব জাম্বুরা ঢাকার যাত্রাবাড়ীর কাঁচাবাজারে পাঠানো হয়। সেখানে আড়তদারেরা বস্তা হিসেবে পাইকারি বিক্রি করেন। প্রতি বস্তা জাম্বুরা আকার ও মানভেদে এক হাজার থেকে দুই হাজার টাকায় বিক্রি হয় বলে জানান তাঁরা। জুড়ীর জাম্বুরার চাহিদা বাড়ার পেছনে এর স্বাদ ও গুণগত মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ঢাকার যাত্রাবাড়ীর ফল ব্যবসায়ী মারুফ আহমদ বলেন, জুড়ী উপজেলার জাম্বুরার চাহিদা তাঁদের বাজারে অনেক বেশি। ক্রেতারা এ ফল পছন্দ করেন বলে দ্রুত বিক্রি হয়ে যায়। স্বাদ ভালো হওয়ায় ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়ছে। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ফল বিক্রেতা প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটসের স্বত্বাধিকারী আবু সাঈদ আল সাগর জানান, গত দুই বছর ধরে তাঁরা জুড়ী থেকে জাম্বুরা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন। এ ফলের চাহিদা বাড়ায় তাঁরা দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। ভবিষ্যতে জুড়ীর জাম্বুরা বিদেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে তাঁদের। তাঁর মতে, জুড়ীর জাম্বুরার স্বতন্ত্র স্বাদ ও গুণগত বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে বাজার সম্প্রসারণ করা গেলে এ ফল দেশের কৃষি অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। জুড়ীর জাম্বুরার সম্ভাবনা কাজে লাগাতে কৃষি বিভাগও উদ্যোগ নিয়েছে। ২০০১ সালে ‘জুড়ী বাতাবিলেবু -১’ ও ‘জুড়ী বাতাবিলেবু -২’ নামে দুটি জাত উদ্ভাবন করা হয়। এ জাতগুলোর ফল আকারে বড় এবং খেতে সুস্বাদু। এর মধ্যে একটির শাঁস গাঢ় লাল, অন্যটির শাঁস আংশিক সাদা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়ভাবে জানা যায়, শুকনাছড়া গ্রামের প্রবীণ কমলাচাষি প্রয়াত ইব্রাহিম আলীর বাড়িতে এসব জাতের সন্ধান পাওয়া যায়। এ ছাড়া জুড়ীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে আরও ১৬টি সম্ভাবনাময় জাতের সন্ধান পেয়েছে উপজেলা কৃষি অফিস।
এসব জাতের বৈশিষ্ট্য যাচাই করে চারা উৎপাদন ও নতুন বাগান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বাতাবিলেবু-১, বাতাবিলেবু-২ ও বারি বাতাবিলেবু-৫-এর চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি বাগানের পরিচর্যা, রোগবালাই দমন ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। শুকনাছড়া, লালছড়া ও জড়িছড়া এলাকার কয়েকজন কৃষক জানান, একসময় জাম্বুরার বাজার সীমিত থাকায় উৎপাদিত ফল বিক্রি করা নিয়ে তাঁদের দুশ্চিন্তায় থাকতে হতো। মূলত সিলেট বিভাগের বিভিন্ন বাজারেই এসব ফল বিক্রি করা হতো। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরাসরি জাম্বুরা পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। ফলে ফলটির বাজারমূল্য ও চাহিদা বেড়েছে। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু সমস্যাও রয়েছে। কৃষকদের অভিযোগ, গান্ধিপোকা সহ বিভিন্ন রোগবালাই এবং কাঠবিড়ালির উপদ্রবে তাঁদের অনেক ফল নষ্ট হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন তাঁরা। জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, “জুড়ীতে জাম্বুরা প্রাকৃতিকভাবেই ভালো জন্মে। এখানকার জাম্বুরার জাতগুলো অত্যন্ত ভালো। সারাদেশে বাতাবিলেবুর চাহিদা থাকলেও বাজারে সব সময় মানসম্মত জাতের ফল পাওয়া যায় না।” তিনি বলেন, বাতাবিলেবুর চাহিদা দিন দিন বাড়ছে। এ কারণে জুড়ী কৃষি অফিসের পক্ষ থেকে উন্নত জাতের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে সম্ভাবনাময় আরও ১৬টি জাতের সন্ধান পাওয়া গেছে। এসব জাতের বৈশিষ্ট্য যাচাই করে চারা উৎপাদন এবং নতুন বাগান গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি বাগানের পরিচর্যা ও রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। জুড়ীর এই ফলকে কেন্দ্র করে কৃষি ও ব্যবসা দুই ক্ষেত্রেই তৈরি হচ্ছে নতুন সুযোগ। উন্নত জাতের সম্প্রসারণ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই নিয়ন্ত্রণ এবং বাজারজাতকরণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া গেলে এ ফলের উৎপাদন ও বিপণন বাড়ানো সম্ভব। পাশাপাশি মান নিয়ন্ত্রণ, সংগ্রহ-পরবর্তী সংরক্ষণ, উপযুক্ত প্যাকেজিং এবং রপ্তানির জন্য প্রয়োজনীয় মানদণ্ড নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক বাজারেও জুড়ীর জাম্বুরার প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জুড়ীর জাম্বুরা এখন আর শুধু স্থানীয় জনপদের একটি মৌসুমি ফল নয়; এটি হয়ে উঠছে কৃষকদের বাড়তি আয়ের উৎস এবং এলাকার সম্ভাবনাময় কৃষিপণ্য। সঠিক পরিকল্পনা ও কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে জুড়ীর জাম্বুরা একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও পরিচিতি পেতে পারে।

