কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উত্তর বাজারস্থ আমীর ম্যানশনে ৮ জুলাই শুক্রবার রাত ৯টায় টিবিএফ এর উদ্যোগে কুলাউড়া বাজারের বন্যা আক্রান্ত ৬৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের মধ্যে ত্রাণ ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে সংগঠনের চেয়ারম্যান মোঃ মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক শরফ উদ্দিন তমু, কোষাধ্যক্ষ আব্দুস শাকুর, কার্যকরী সদস্য এম. হাজির আলী, নাজমুল বারী সুহেল, খন্দকার ওজিউর রহমান আছাদ। সভায় বক্তাগণ কুলাউড়া বাজারের ভাড়াটিয়া দোকানদারদের সুরক্ষায় এই ধরনের একটি সংগঠন সৃষ্টি করায় সংগঠনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং আগামী দিনের সকল কর্মকান্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে দোয়া পরিচালনা করেন কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদের মোয়াজ্জিন আবু তাহের।

