কুলাউড়া প্রতিনিধি : অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত কুলাউড়ার এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মোঃ অন্তর মিয়া (২০) নামে এক যুবকের। ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে শুরু হওয়া প্রেম, ধীরে ধীরে গভীর থেকে গভীরতম হয়।এক পর্যায়ে দুজন সিদ্ধান্ত নেয় পালিয়ে গিয়ে বিয়ে করার। প্রেমিক অন্তর ৬ জুলাই শেরপুর থেকে কুলাউড়া চলে আসে। কলেজছাত্রী স্থানীয় মিলিপ্লাজা মার্কেটে টেইলারের কাছে যাচ্ছে বলে বাড়ী থেকে বের হয়। দেখা হয় দুজনের। ট্রেন যোগে দু’জন চলে যায় ঢাকায়। কলেজ ছাত্রী বাড়ী ফিরে না যাওয়ায় তার পরিবার থেকে কুলাউড়া থানায় সাধারন ডায়রী করা হয়। কুলাউড়া থানার ওসি মো: আব্দুল ছালেকের নির্দেশে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে কলেজ ছাত্রীর অবস্থান জানতে পারে। অবশেষে ১১ দিন পর ১৭ জুলাই ঢাকার দক্ষিণখান থানাধীন ৪৮নং ওয়ার্ড সরদারপাড়া সাকিনস্থ কবিরখান ভিলার ৭ম তলা থেকে কলেজছাত্রীকে উদ্ধার ও কথিত প্রেমিক মোঃ অন্তর মিয়া (২০)‘কে আটক করেন। গ্রেপ্তারকৃত অন্তর শেরপুর জেলার শ্রীবর্দি থানার রানীশিমুল গ্রামের মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।
ওসি মো: আব্দুছ ছালেক জানান, অপহরণের ঘটনায় রবিবার রাতে কলেজছাত্রীর ভাই থানায় বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। পুলিশের বিশেষ অভিযানে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে অপহরণকারী যুবককে ১৮ জুলাই সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

