কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় আবারো বিষাক্ত সাপের কামড়ে আব্দুল হান্নান (৬০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হান্নান কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা। ১৪ আগস্ট রোববার রাত ৯টায় নিহত আব্দুল হান্নানের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিহতের পরিবারের লোকজন জানান, কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের লস্করপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান সকালে গরুর ঘাস কাটতে পার্শ্ববর্তী প্রতাবী এলাকায় যান। এদিকে বিকেল পর্যন্ত তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজতে গিয়ে প্রতাবী এলাকায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করলে আবাসিক মেডিকেল অফিনার মো: জাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল হান্নানের গলায় ও চোখে বিষাক্ত সাপে কামড়ের চিহ্ন রয়েছে।
এদিকে কথিত এক ওঝা ঝাড়ফুক দিয়ে আব্দুল হান্নান জীবিত বলে জানালে পরিবারের লোকজনের মধ্যে প্রথমে দেখা দেয় দ্বিধাদ্বন্দ্ব।নির্দিষ্ট সময়ে না হওয়ার সম্ভবনা দেখা দিলেও পরে জানাযার নামাজ অনুষ্টিত হয়।
এর আগে ২০ জুন সোমবার রাত ১০টায় বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে শিপু আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। শিপু কুলাউড়া পৌরসভার বাদে মনসুর গ্রামের বাসিন্দা মাখন মিয়ার ছেলে। জানা যায়, ঐদিন সন্ধ্যার পর শিপুর বাড়ির পূর্ব পাশে উছলাপাড়া এলাকায় সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বাড়ির পশ্চিমের একটি জমিতে মাছ ধরতে যায় শিপু। এসময় বিষধর সাপ তার কপালে কামড় দেয়। তার কোনো খোঁজ না পাওয়ার পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হন। এক পর্যায়ে রাত ১০টার দিকে ওই এলাকায় পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তখন স্থানীয়দের চিৎকারে শিপুর স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

