শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের পাশের একটি টিলা থেকে মাটি সংগ্রহের সময় মাটিচাপা পড়ে ৪ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আজ শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছাড়া চা-বাগানের পাশের টিলায় এ দুর্ঘটনা ঘটে।
চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, সকালে চা-বাগানের কয়েকজন নারী শ্রমিক ঘর সংস্কারের জন্য টিলা থেকে মাটি সংগ্রহ করছিলেন। এ সময় টিলাধসে মাটি চাপা পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান চার নারী শ্রমিক।
তিনি জানান, সেখান থেকে এক শিশুসহ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

