সিলেটে ৫ টির মধ্যে ৩ টিতেই আওয়ামী লীগের পরাজয় 

সিলেট অফিস: সিলেটের এক পৌরসভা, একটি উপজেলা ও চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার। স্থানীয় সরকারের এই পাচটি প্রতিষ্ঠানের নির্বাচনে তিনটিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। আওয়ামী লীগ জয় পেয়েছে অন্য দুটিতে।

প্রথমবারের মতো সিলেটের বিশ্বনাথ পৌরসভায় ভোট হয়েছে। প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।

তিনি জগ প্রতীক নিয়ে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট।

আওয়ামী লীগ নেতা মুহিব বিশ্বনাথ উপজেলা পরিষদে ১৯৮৫ ও ২০০৯ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

 ওসমানীনগর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শামীম আহমদ নৌকা প্রতীকে ২৮ হাজার ৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) কামরুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪১৬ ভোট।

গোয়াইনঘাট উপজেলার চার ইউনিয়ন পরিষদে বুধবার ভোট হয়। এর মধ্যে ৩টি ইউনিয়নে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী সুমন জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুভাস চন্দ্র পাল ছানা।

পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন পারভেজ জয়ী হয়েছেন। মধ্য জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লোকমান হোসেন নির্বাচিত হয়েছেন।

কেবল পূর্ব জাফলং ইউনিয়নে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী মো. রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র হামিদুল হক ভূঁইয়া বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *