কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় ছত্রী (২৪) নামে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়। ১ এপ্রিল শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজারের হলিছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ছত্রী কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের টিলাক্লার্ক কংখন ছত্রীর একমাত্র ছেলে ও সিলেটের সাংবাদিক সজল ছত্রীর ভাতিজা। তিনি ট্রাস্ট ব্যাংক সিলেট শাখায় সদ্য যোগদান করেছিলেন। পরিবারের এক ভাই ও বোনের মধ্যে হৃদয় ছিলেন বড়। জানা যায়, শনিবার সকালে ব্যাংকের কাজে কমলগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন হৃদয় ছত্রী। সিলেটে নতুন কর্মস্থল ব্যাংকে যাওয়ার জন্য সকালে মাধবপুর চা বাগানের নিজ বাসা থেকে বের হয় হৃদয়। সকাল সাড়ে ৮টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হলিছড়া এলাকায় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তাঁর রক্তাক্ত লাশ সড়কের উপরে পড়েছিল। বিষয়টি দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও কুলাউড়া থানাকে অবহিত করলে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ সোলায়মান আহমদ ও থানার এসআই পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কুলাউড়া থানা থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করে তার মৃত্যুর সংবাদ জানায়। এদিকে একমাত্র ছেলের এমন অকাল মৃত্যুর সংবাদ শুনে তার পরিবারে চলছে শোকের মাতম।
কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ সোলায়মান আহমদ বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। খবর পেয়ে সকাল সাড়ে আটটায় ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করি। তবে ধারণা করছি বড় কোন গাড়ি ওই ব্যাংক কর্মকর্তাকে চাপা দিতে পারে। তাঁর মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, ছেলেটির পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তবে এ ঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *