জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্ব শত্রুতার জেরে কতিপয় যুবক কর্তৃক প্রকাশ্যে কুপিয়ে আহত করা হোসাইন আহমদ জিলান (২২) নামে এক তরুণ ৫দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায়। ৭ জুলাই শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিলান উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সন্ধ্যায় জিলান মোটরসাইকেলযোগে তার ছোট ভাইকে বাসে তুলে দিতে শহরে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ বাজারের বাসস্ট্যান্ডে ওৎপেতে থাকা ৬-৭ জন যুবক পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে জিলানকে মারধর শুরু করে। জিলান প্রাণে বাঁচতে মোটরসাইকেল থেকে নেমে বাসস্ট্যান্ডের সম্মুখে আয়েশা টেলিকম নামক একটি দোকানে গিয়ে ঢুকে। দোকানে ঢুকে ওই যুবকেরা জিলানকে টেনে হিচড়ে সেখান থেকে বের করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাতে জিলান মারা যায়।
জিলানের পিতা আব্দুল হামিদ জানান, ছেলেকে নিয়ে ৫ দিন সিলেটে থাকায় কোনো মামলা করতে পারেননি। কুলাউড়ায় ফিরে জড়িতদের বিরুদ্ধে তিনি থানায় মামলা করবেন ।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় আহত জিলান নামের এক ছেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তাঁর পরিবারের সাথে আলাপ হয়েছে। ময়নাতদন্ত শেষে জিলানের লাশ বাড়িতে নিয়ে আসার পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হবে। পরবর্তীতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

