বাংলাদেশ দল এখন আছে পাকিস্তান সফরে। এবারের সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ২১শে আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট আর ৩০শে আগস্ট দ্বিতীয় টেস্ট হবে করাচিতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে কোনো দর্শক থাকবেন না।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে বর্তমানে সংস্কার কাজ চলছে। আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখেই স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু করা হয়েছে। পিসিবি জানিয়েছে, এ কারণেই দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।
পিসিবি বাংলাদেশ-পাকিস্তান করাচি টেস্টের টিকিট বিক্রি না করার ঘোষণা দিতে গিয়ে পিসিবি জানায়, ‘ভক্তদের স্বাস্থ্য ও নিরাপত্তাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। খুব সতর্কতার সঙ্গে সব ধরনের বিকল্প নিয়ে ভাবার পরেই আমরা দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি আয়োজন করার সবচেয়ে নিরাপদ পথ বেছে নিয়েছি।’
ভক্তদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশও করেছে পিসিবি। বিবৃতিতে জানানো হয়, ‘দর্শকদের বঞ্চিত করার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। তবে আমরা আমাদের ভক্তদের এই বলে আশ্বস্ত করতে চাই যে স্টেডিয়ামের চলমান উন্নয়নকাজ শেষ হলে তারা আরও ভালোভাবে খেলা দেখতে পারবেন।’
শুধু করাচিই নয়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও সংস্কারকাজ শুরু করেছে পিসিবি। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়নস ট্রফি।
যার সর্বশেষ আসরে ২০১৭ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ওই আসরে প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসি টুর্নামেন্টে এটাই টাইগারদের সেরা সাফল্য।

