কুলাউড়ায় হাজীপুর বিএনপির কমিটি গঠনে অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগ, তোলপাড়

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় হাজীপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বাণিজ্যের অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতামত নিয়েও শেষ পর্যন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল এবং সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জান আকরার নিজেদের পছন্দের লোকজন নিয়ে কমিটি গঠন করে উপজেলা বিএনপির কাছে জমা দেবার অভিযোগ পাওয়া গেছে। এদিকে কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে  কমিটি গঠন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এ নিয়ে  হাজীপুর ইউনিয়নে তোলপাড় চলছে।

এ বিষয়ে প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা বিএনপির আহবায়ক বরাবরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দেয়া হয়। নেতৃবৃন্দরা ইতিমধ্যে জমা দেওয়া কমিটি ঘোষণা না করে সকলের মতামতের ভিত্তিতে কমিটি পুনরায় গঠন করার জন্য দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগে স্বাক্ষর করেন ইউনিয়নের ১ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি আকবর, সাধারণ সম্পাদক বাছিত খান, ২ নং ওয়ার্ডের সভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক খালিছ মিয়া, ৩ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল রফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রহমত, ৪ নং ওয়ার্ডের সভাপতি ইলিয়াছ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৫ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ৬ নং ওয়ার্ডের সভাপতি রমজান আলী, ৭ নং ওয়ার্ডের সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক ইসমাইল, ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলেমান মিয়া।

 জানা গেছে, গত ১৮ জুলাই কমিটি গঠনের লক্ষে এক সভা আহবান করা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ নায্যতার ভিত্তিতে সদস্য পদ বন্টন করে কমিটিতে অর্ন্তভুক্ত করা হবে। কিন্তু ওই সভার সিদ্ধান্ত অমান্য করে সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল ও সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জান আকরার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এবং যারা ওয়ার্ড কমিটিতেও নেই তাদের সদস্য করেন এবং তাদের ইচ্ছেমত কমিটি গঠন করে উপজেলা কমিটির কাছে জমা দেন। এখানে কারো মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে বড় অংকের অর্থ পেয়ে তারা একতরফা কমিটি করেছেন বলে অভিযোগ সাধারণ নেতাকর্মীদের।

অভিযোগের বিষয়ে হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, গত ১৭ জুলাই আমরা কমিটি গঠনের জন্য সভা করেছি। নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে। যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ সত্য নয় এবং যারা অভিযোগে স্বাক্ষর করেছেন তাদের অধিকাংশের স্বাক্ষর সঠিক নয়।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *