যেভাবে শাকিবের সিনেমায় জালাল চৌধুরী

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘দরদ’ মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত এই চলচ্চিত্রের প্রমোশনাল ‘ওরে পাগল মন’ গানটি অল্প সময়ের মধ্যেই ইউটিউবে লাখ লাখ দর্শক দেখেছেন। কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল ও সোমনুর মনির কোনালের গাওয়া এ গানটিতে শাকিব খানের পাশাপাশি স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের সোনাল চৌহান। এই গানের কথা যিনি লিখেছেন তিনি পেশায় একজন পুলিশ কর্মকর্তা। তার নাম জালাল চৌধুরী। বর্তমানে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত আছেন তিনি। জালাল চৌধুরী নিজের পেশাগত কাজের পাশাপাশি মাঝেমধ্যে লেখালেখিও করেন। যদিও তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার, এই প্রথমবারের মতো লিখলেন চলচ্চিত্রে। আর প্রথম গানেই হিট। মানুষের মুখে মুখে ফিরছে এ গানটি। গান প্রসঙ্গে জালাল চৌধুরী বলছেন, ‘আমি তো অবসরে সময় পেলে শখের বশে লেখালেখি করি। রেডিও এবং টেলিভিশনের জন্য গান লিখেছি। প্রথমবারের মতো চলচ্চিত্রে লিখলাম। নির্মাতা অনন্য মামুনের সঙ্গে পরিচয়ের পর তিনি আমাকে বললেন লিখতে। শুনে ভালো লাগছিল যে শাকিব খানের সিনেমায় যাবে এই গান। এটা লিখলাম। সিনেমা মুক্তি পেল, এখন তো সবার মুখে মুখে এই গান। আমারও খুব ভালো লাগছে, যখন কাছের মানুষজন জানতে পারছে এটা আমারই লেখা, তারা প্রশংসা করছে; বেশ আনন্দদায়ক বিষয় এটি।’

জালাল চৌধুরী পড়েছেন ইংরেজি সাহিত্যে। তাই সুযোগ পেলেই বই পড়ে, গান লিখে সময় কাটে। পছন্দের লেখক সমরেশ মজুমদার, হুমায়ূন আহমেদ, শেকসপিয়ার। রবীন্দ্রনাথ, নজরুলের গান, কবিতাও তার অনেক পছন্দের। লেখালেখিটা করে যেতে চান। চলচ্চিত্রেও গীতিকার হিসেবে নিয়মিত হতে চান। এমনটাই প্রত্যাশা রয়েছে। জালাল চৌধুরী বলছেন, ‘লেখালেখির চর্চাটা তো আত্মিক, হৃদয় থেকে আসে; উপেক্ষা করা যায় না। এটা করতে চাই। আর চলচ্চিত্রের গানও লিখে যেতে চাই। এরই মধ্যে সিনেমার জন্য আরও একটি গান লেখার প্রস্তাব পেয়েছি। আগামীতে আরও ভালো কিছু গান শ্রোতাদের উপহার দেওয়ার ইচ্ছা রয়েছে।’ শৈশবে লেখালেখির চর্চার মাঝে বেড়ে ওঠা জালাল চৌধুরী উপন্যাস ও ছোট গল্পের বইও লিখেছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস ‘কোথায় পাব তারে’ ও ‘নির্বাসিতা হৃদয়ে এসো’, ছোট গল্প সংকলন ‘ইরোটা ম্যানিয়া’। এ ছাড়া টেলিভিশন নাটকেও তার লেখা গান প্রচারিত হয়েছে।

যেভাবে শাকিবের সিনেমায় জালাল চৌধুরী

কুলাউড়ার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *