জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগরে এসিল্যান্ডের সরকারি গাড়ি চাপায় আশিষ কুমার দাস বিনয় (৫৫) নামে কলেজের এক অফিস সহকারী নিহত হয়েছেন। বুধবার সকালে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক এলাকায় দুর্ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি ভাইরাল হয়।
নিহত আশিষ কুমার মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ গ্রামের আশুতুষ দাসের ছেলে। তিনি সিলেট সরকারি মদনমোহন কলেজে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ি আশিষ কুমারের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, বুধবার সকালে এসিল্যান্ড সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কালনী এক্সপ্রেস ট্রেনে উঠতে যাচ্ছিলেন। কিন্তু সময়মতো ট্রেনে উঠতে না পারায় সরকারি গাড়ি নিয়ে দ্রুতগতিতে শ্রীমঙ্গল স্টেশনের পথে রওনা দেন। এ সময়ই এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে রাজনগর থানাপুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে। গাড়িচালক আলবাব হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ছাতক উপজেলা সহকারী কমিশনারকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবার থানায় কোনো মামলা করেনি। মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

