কুলাউড়া থেকে অপহৃত স্কুলছাত্রী চুনারুঘাট থেকে উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৯ এর অভিযানে কুলাউড়া থেকে স্কুল ছাত্রী অপহরণ মামলার মূল আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার করেছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, কুলাউড়া থানাধীন আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। ভিকটিম রাস্তাঘাটে চলাচলের সময় ১নং বিবাদী ভিকটিমকে উত্যক্ত করত এবং কু-প্রস্তাব দিত। ভিকটিম ০১নং বিবাদীর কু-প্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করার হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত ০১/০১/২০২৬খ্রি. তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় ভিকটিম স্কুলে যাওয়ার সময় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর পৌঁছামাত্র পূর্ব হতে ওঁৎ পেতে থাকা ১নং বিবাদী অন্যান্য বিবাদীদের সহযোগিতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিম স্কুল থেকে বাড়িতে ফিরে না আসলে ভিকটিমের পিতা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও পায়নি, একপর্যায়ে লোক মারফত জানতে পারে বিবাদীরা পরস্পর যোগসাজসে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ৯ জানুয়ারী ২০২৬ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮.০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মামলা নং-০৪, তারিখ- ০৬/০১/২০২৬ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২৫) এর ৭/৩০; এর মূলে মৌলভীবাজার থেকে স্কুল ছাত্রী অপহরণ মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- সজল দেব নাথ (২১), পিতা- উপেন্দ্র দেব নাথ, সাং- বিজলী, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *