ফলোআপ-কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তর

মাহফুজ শাকিল : কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত যুবক মুজিবুর রহমান (৩০) এর মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ১৩ জুন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে মুজিবুরের মরদেহ হস্তান্তর করে। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, ভারতের ইরানী থানার সেকেন্ড ওসি শ্রীকান্ত চক্রবর্তী, বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সহকারী কমান্ডেন্ট দেবেশ বর্ম, চাতলাপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল কালাম, শরীফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম, নিহতের চাচা ফজির আলী সহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত মুজিবুর শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা মৃত অজিবুর রহমানের ছেলে।

বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দত্তগ্রাম সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি’র আওতায় পড়েছে। ওই সীমান্তে মনু নদী দেশের সীমানা ভাগ করে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুজিবুর রহমানসহ স্থানীয় এলাকার ৫-৬ জন যুবক মনু নদী পার হয়ে সীমান্তের ওপারে ১৮৫২ ও ১৮৫৩ নম্বর মূল সীমান্তখুঁটির মাঝখান দিয়ে ভারতের অভ্যন্তরে লখাইরচর এলাকায় প্রবেশ করলে ভারতের ইরানী থানার অন্তর্গত লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে মুজিবুর মারা যায় এবং তার সঙ্গে থাকা সহযোগিরা পালিয়ে আসে। বিএসএফ নিহত মুজিবুরের  মরদেহ ভারতের কৈলাশহরের ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। শনিবার দুপুরে নিহতের মরদেহের ময়নাতদন্ত হয়।

এ বিষয়ে স্থানীয় শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জয়নুল ইসলাম জানান, নিহত মুজিবুর চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। মুজিবের পরিবারের সদস্যদের নিয়ে শনিবার রাতে চাতলাপুর স্থলবন্দরে কুলাউড়া থানা পুলিশের মাধ্যমে নিহতের মরদেহ গ্রহণ করি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কুলাউড়া থানা পুলিশের কাছে মুজিবুরের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *