কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার ২৭ জুন শনিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠন করা হয়। এতে ডা. অরুণাভ দে সভাপতি এবং অজয় দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আশু রঞ্জন দাস।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ডা: অরুণাভ দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদ মহিম দে। পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অজয় দাস ও সুজিত দে-এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাস, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি বলেন, আমরা প্রথমে বাংলাদেশি। কারণ বাংলাদেশই আমাদের আত্মপরিচয়। এই জন্মভূমির পরিচয় সবার আগে, তারপর অন্য সব পরিচয়। এ দেশে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। নিম্ন আয়ের চা-শ্রমিক জনগোষ্ঠীর মর্যাদা বৃদ্ধি ও তাদের দৈনিক মজুরি ৫০০ টাকায় উন্নীত করার লক্ষ্যে আমার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি সম্মেলনের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে ডা. অরুণাভ দে এবং সাধারণ সম্পাদক হিসেবে অজয় দাস নির্বাচিত হন। পরে উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *