জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা করেছে।
পুলিশ জানায়, ৩ আগস্ট সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে, ইয়াবার একটি বড় চালান নিয়ে প্রাইভেটকারযোগে মাদক ব্যবসায়ীরা মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করে পুলিশ তল্লাশি চালায়। এসময় আসামিদের দেহ ও প্রাইভেটকারের ভেতর থেকে দুটি শপিং ব্যাগে থাকা স্কচটেপ মোড়ানো প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়। মৌলভীবাজার মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে অভিযানে ছিলেন, এএসআই মো. রানা মিয়া, এএসআই জাহিদুল ইসলাম, এএসআই ইখতিয়ার হোসেন, কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ অন্যান্য পুলিশ সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ, সাব্বির আহমদ এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন। মুরাদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

