জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি : নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে সকাল পৌনে ৯টার দিকে নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক মালত (৫৫) ইউনিয়নের আজিজুল হক মুন্সীকান্দি গ্রামের মৃত কচর আহাম্মেদ মালতের ছেলে।
গতকাল বুধবার ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোরগ মার্কার সাধারণ সদস্য পদের প্রার্থী ছিলেন তিনি। তবে অল্প ভোটে পরাজিত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরাজিত মেম্বার প্রার্থী মালেক মালত নওপাড়া বাজারে বাজার করতে যান। তখন তাঁর প্রতিপক্ষ পরাজিত মেম্বার প্রার্থী টিউবওয়েল মার্কার দেলোয়ার হোসেন মালত হঠাৎ করে মাথায় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন মালেককে। গুরুতর আহত অবস্থায় মালেককে পাশের জেলা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, মালেক মালত ও দেলোয়ার হোসেন মালত আপন চাচাতো ভাই। দুজনই পরাজিত হয়েছেন। গতকাল রাতে এক বংশের দুই প্রার্থী হওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। আজ সেই জেরে মালেক বাজারে গেলে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে দেলোয়ার এমন অভিযোগ রয়েছে। পরে হাসপাতালে নিলে মৃত্যু হয় মালেকের।
তিনি আরো বলেন, মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করতে বলা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে। ঘটনায় জরিতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

