স্টাফ রিপোর্টার ; কুলাউড়ার তরুণ উদীয়মান সাংবাদিক মাহফুজ শাকিল কুলাউড়া থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক আমার কুলাউড়ার বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি গত ৪ বছর ধরে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ১ এপ্রিল ২০২২ ইং তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেছেন। পত্রিকার প্রধান সম্পাদক মোঃ ফয়সাল মিয়া এবং সম্পাদক ও প্রকাশক মোঃ জীবন রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে তাঁকে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাপ্তাহিক আমার কুলাউড়া পত্রিকাকে মফস্বল পর্যায়ে একটি আধুনিক ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মাহফুজ শাকিল। এ বিষয়ে তিনি গণমাধ্যম সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
২০১০ সালে সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে মফস্বল পর্যায়ে তাঁর সাংবাদিকতা শুরু। জাতীয় পর্যায়ে সাংবাদিকতা শুরু হয় ২০১৩ সালে। তিনি দৈনিক নতুন সময়ে বেশ কিছুদিন কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরবর্তীতে কুলাউড়ার সাপ্তাহিক মানবঠিকানা, সাপ্তাহিক কুলাউড়ার ডাক, জাতীয় সাপ্তাহিক অর্থকাল পত্রিকায় কাজ করেন।
১৯৯০ সালের ১২ জুন কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করেরগ্রামে জন্মগ্রহণ করেন মাহফুজ শাকিল। তাঁর পিতা বিশিষ্ট সমাজসেবক ও কুলাউড়া সদর ইউনিয়নের তিন বারের সাবেক ইউপি সদস্য এবং মাতা গৃহিণী মোছাৎ হালেমা বেগম। বাবা-মায়ের ৫ সন্তানদের মধ্যে তিনি তৃতীয়। দর্শন বিভাগে সিলেট এমসি কলেজ থেকে স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করা মাহফুজ শাকিল ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।

