হারিস মোহাম্মদ : শনিবার (১৫ এপ্রিল) কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক আটক করা হয়েছ। আটককৃতরা হলো সীতারাম ছত্রী (৬০) এবং কমলা ছত্রী (৪০)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কুলাউড়া থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কুলাউড়া থানার জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের লম্বাটিলা এলাকার আটককৃত সীতারাম ছত্রীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেন। এসময় আটককৃতদের বসতঘর তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা পরস্পর সম্পর্কে স্বামী-স্ত্রী। এ দম্পতি দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত আছে বলে জানা গেছে। আটককৃত সীতারাম ছত্রীর বিরুদ্ধে কুলাউড়া থানায় আরও ৪ টি মাদক মামলা রয়েছে। মুঠোফোনের যোগাযোগ করা হলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো, আব্দুছ ছালেক বলেন, এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

