নীরবে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন হাজীপুর ইউপি চেয়ারম্যান বাচ্চু

কুলাউড়া প্রতিনিধি : শৈশবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ থেকে আগ্রহী হয়ে ঝরে পড়া ও দুর্বল শিক্ষার্থীদের পড়া দেখিয়ে দিতেন। কোনো টিউশন ফি ছাড়াই প্রাইভেট পড়িয়েছেন অনেক শিক্ষার্থীদের। গড়ে তুলেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানও। এখন ইউপি চেয়ারম্যান হয়ে নিজ ইউনিয়নের শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা রেখে চলছেন তিনি। তিনি হলেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক সময়ের কলম সৈনিক আব্দুল বাছিত বাচ্চু। তার ক্ষুরধার লেখনীতে তৎকালীন সময়ে সমাজের অনেক অসঙ্গতির চিত্র ফুটে উঠেছে।

মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত উৎসাহ প্রদান ও পৃষ্ঠপোষকতা, নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ শিক্ষার বিভিন্ন সেক্টরে কাজ করে চলেছেন এই শিক্ষানুরাগী ব্যক্তি। সত্তর দশকে হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হয় তার। তার পিতা আাব্দুল লতিফ ছিলেন ইংরেজি মাধ্যমে পড়া জ্ঞানী ব্যক্তি। বৃটিশ শাসনামলে হাজীপুর ইউনিয়নের যে কয়টি পরিবারের ছেলেরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছে তার পরিবার তাদের মধ্যে একটি। তার চাচা আশরাফ আলী ১৯২৮ ইংরেজি সালে আসাম প্রদেশের মধ্যে বিএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন। পরে বিটি ও আইসিএস (এডুকেশন) করে সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এমন পরিবারের সদস্য আব্দুল বাছিত বাচ্চু সিলেট এমসি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চ শিক্ষা গ্রহণ করে সাংবাদিকতা শুরু করেন।

তিনি সাংবাদিকতায় দৈনিক সমকাল, মানবজমিন, সকালের খবর, দৈনিক শ্যামল সিলেট, সাপ্তাহিক মানবঠিকানায় দীর্ঘদিন কাজ করেছেন। এ ছাড়া তিনি কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন। সে সময় তার প্রতিবেদনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ও সাফল্যের কথা উঠে আসতো। এমনকি পাবলিক ও বৃত্তি পরীক্ষায় ভালো করলে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পত্রিকায় ফিচার লিখেতেন। ২০০৪ সালে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন সাধনপুর জুনিয়র হাই স্কুল। যেটি পরবর্তীতে গ্রাম্য নোংরা রাজনীতির শিকার হয়ে বন্ধ হয়ে যায়। ২০১৫ সালে উনার মামাতো ভাই বর্তমান সিনিয়র সহকারী সচিব খালেদুর রহমান নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন সাধনপুর উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শুরু থেকে এটির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু। শুধু এটি নয় হাজীপুর ইউনিয়নের হাসিমপুর মহিলা মাদরাসা, বিলেরপার নুরুল কোরান মাদরাসা প্রতিষ্ঠায় তার রয়েছে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা। এ ছাড়া হাজীপুর ইউনিয়নের নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়,পীরেরবাজার, দাউদপুর, রজনপুর, ভুইগাও মাদরাসা ও কানিহাটি মহিলা মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে তার রয়েছে অবদান। এক প্রতিক্রিয়ায় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বলেন, ঘুনে ধরা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে শিক্ষার কোনো বিকল্প নেই। এলাকায় শুধু কয়েকটি রাস্তা ইটসলিং করার নাম উন্নয়ন নয়। একমাত্র দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলেই সেটাই প্রকৃত মডেল এলাকা হিসেবে সমাজে পরিচিতি পায়। আর এজন্য সবার আগে শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *