বেতাগী উপজেলা প্রতিনিধি : বরগুনার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলার বেতাগী উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশিত কমিটি ঘোষণার একটি সংবাদ বিজ্ঞপ্তি ১০ ডিসেম্বর বুধবার রাত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বরগুনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা তার ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর নিষিদ্ধঘোষিত সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে বেতাগী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে শুরু করেন। বেতাগী উপজেলা ছাত্রলীগের চারটি পদে মোট ৩১ জনকে নিয়ে আংশিক কমিটির বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের স্বাক্ষর রয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন সোহেল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক শিফাত সিকদার ও সাংগঠনিক সম্পাদক শাওন মৃধা। এছাড়া সহ-সভাপতি ১৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আটজন। গভীর রাতে নিষিদ্ধঘোষিত সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
You are Here
- Home
- বরগুনায় বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণা
