আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে সরকার-এমপি শওকতুল ইসলাম

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। যার লক্ষ্য তাদের জীবনমান উন্নত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অধিকার প্রতিষ্ঠা করা। পাহাড়ে বসবাসরত আদিবাসীরা এখনো শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের সুবিধাসহ বিভিন্ন সূচকে সমতলের জনগোষ্ঠীর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। সরকার তাদের মূলধারার সাথে সম্পৃক্ত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করছে। শনিবার দুপুরে কুলাউড়ার লক্ষীপুর মিশনে আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন কুবরাজ আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম শকু এসব কথা বলেন। তিনি আরো বলেন, খাসিয়া সম্প্রদায় সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি জাতি। এই জনগোষ্ঠী সিলেট অঞ্চলের সংস্কৃতি ও অর্থনীতিতে বিশেষ অবদান রেখে আসছে। স্বাধীনতার পরবর্তী সময়ে যারা কুলাউড়ার এমপি’র দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে কাজ করেননি। আমি দল, মত, নির্বিশেষে সকলের সহযোগিতায় নিজ দায়িত্বে আদিবাসী সম্প্রদায়সহ কুলাউড়ার সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবো।
তিনি আরও বলেন, বিশেষ করে আগামী অর্থ বছরে আদিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করবো।
আদিবাসীদের প্রধান আয়ের উৎস পান গাছ যারা কর্তন করে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন পুঞ্জিতে রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে। এছাড়া পুঞ্জির নাগরিকদের ভয়ভীতি দেখিয়ে যারা দালালী ও চাঁদাবাজী করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে আয়োজকদের পক্ষ থেকে জাইনম্পং ও উত্তরীয় পরানো, খাসি নাচের মাধ্যমে অতিথি বরণ ও শোভাযাত্রা করে মঞ্চে আসন গ্রহণ করানো হয়।
কুবরাজের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে ও আদিবাসী নেত্রী হীরামন তালাং ও  মনিকা খংলার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল,উপজেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর ভুঁইয়া, লেখক ও গবেষক রোজ প: তাম, কুবরাজের উপদেষ্টা পাস্টর পাইরিন সুটিং, ফাদার জোসেফ গমেজ, সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, কুকিজুরি পুঞ্জির হেডম্যান হেনরি তালাং, ঝিমাই পুঞ্জির হেডম্যান রানা সুরং। এছাড়াও উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান খয়াজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাহেল মিয়া প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *