কুলাউড়া সীমান্তে পুশ ইন করা ১০ জনকে পরিবারের কাছে হস্তান্তর 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ঠেলে পাঠানো ১০ বাংলাদেশি নাগরিককে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কুলাউড়া থানায় স্বজনদের উপস্থিতিতে তাঁদের হস্তান্তর করা হয়। কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুশ ইন হওয়া ওই ব্যক্তিরা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।

কুলাউড়া থানা পুলিশ সূত্র জানায়, কুলাউড়ার মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য পড়েছে। গতকাল শুক্রবার  সকালের দিকে মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের টহল দল। পরে তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তাঁরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাঁদের আটক করে। এরপর সীমান্ত দিয়ে পুশ ইন করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে শুক্রবার দুপুরের দিকে স্বজনসহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি থানায় পৌঁছালে ওই ব্যক্তিদের তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *