জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন থেকে শনিবার প্রদীপ তেলি (৩০) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রদীপ তেলি কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানের বাসিন্দা অনিল তেলির ছেলে।
পুলিশ সূত্র জানায়, নিহত প্রদীপ গাজীপুর চা-বাগানে শ্রমিক হিসেবে বিভিন্ন কাজ করতো। শনিবার সকাল সাড়ে সাতটায় জয়চন্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকায় গাজীপুর চা বাগান থেকে বিজয়া চা বাগানমুখী রাস্তায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনের কালভার্টের নিচে প্রদীপ তেলির লাশ দেখতে পেয়ে স্থানীয় এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, উপ-পরিদর্শক ফরহাদ মাতব্বরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রদীপ মদ্যপ অবস্থায় কালভার্টে বসলে অসাবধনতাবশত পরে গিয়ে মাথা এবং ঘাড়ে আঘাত পেয়ে ৮ মে দিবাগত রাতে যে কোন সময় মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

