কুলাউড়ায় গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেল মালিকের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ এলাকায় গরুর শিংয়ের আঘাতে কালাম মিয়া (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিজ বাড়ির পাশে পালিত গরুকে আনতে ও খাদ্য খাওয়াতে যান কালাম মিয়া। এ সময় গরুর লম্বা শিংয়ের আঘাতে তিনি গুরুতর আহত হন বলে ধারণা করা হচ্ছে। বিকেলের দিকে স্বামী বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী সালাতুন বেগম (৪০) খোঁজ করতে বের হন। পরে বাড়ির পাশেই গরুর কাছে কালাম মিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ বিষয়ে হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য বিধান দত্ত রবির বাজার নিউজ’কে বলেন, ঘটনাটি তিনি অবগত রয়েছেন। তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। নিজের পালিত গরুর শিংয়ের আঘাতেই কালাম মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয়দের সহায়তায় কুলাউড়া থানায় লিখিত আবেদন করা হয়েছে, যাতে পারিবারিকভাবে মরদেহ দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা যায়। কুলাউড়া থানার এসআই মুহিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *