বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী সদর ইউনিয়নের বেইলিব্রিজ এলাকায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ২টার দিকে ওই এলাকার খলিল পুলিশের ঘরে এ ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে প্রায় ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করলে খলিল পুলিশের পুত্র মো. রিফাত বিন রিমন (২৫) একাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ১০ জন ডাকাতের সাথে রিমন বীরত্বপূর্ণ লড়াই ও ধস্তাধস্তিতে লিপ্ত হন। একপর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডাকাত দলের সাথে একা লড়াই করতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হন রিমন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থা গুরুতর হলে তাকে বরিশাল পাঠানো হয়েছে। এদিকে ধস্তাধস্তির পর ডাকাত দল ঘর থেকে মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার তদন্ত এবং মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

