বিশেষ প্রতিনিধি: যুক্তরাজ্য প্রবাসীদের অনন্য অবদানের স্মারক ও গৌরবের প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার লন্ডন’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৭ মে রোববার দুপুরে পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত সভায় প্রায় সাড়ে ৩ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন সেন্টারের চীফ ট্রেজারার শিব্বির আহমদ। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও সংগঠনের আর্থিক হিসাব পেশ করেন যথাক্রমে দেলোয়ার হোসেন ও শিব্বির আহমদ। দু’টি প্রতিবেদনের উপর আলোচনায় অংশনেন পার্মানেন্ট মেম্বার প্রফেসর ডঃ সানওয়ার চৌধুরী,দিলওয়ার হোসেন,মোহাম্মাদ আলী মজনু,মোহাম্মদ সরওয়ার আহাদ ,ফিরোজ আহমদ,লাইফ মেম্বার দবির হোসেন। সভায় সর্বসম্মতভাবে দু’টি প্রতিবেদন অনুমোদন করা হয়।
নবাব উদ্দিনকে সম্মাননা
সভায় বাংলাদেশ সেন্টারের কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা করে বিশেষ অবদান রাখার জন্য সেন্টারের প্রধান উপদেষ্টা ও পার্মানেন্ট মেম্বার নবাব উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়। ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সেন্টারের পক্ষ থেকে নবাব উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দিয়ে এ সম্মাননা জ্ঞাপন করেন।
সাধারণ সভা শেষে শুরু হয় নির্বাচনী অধিবেশন। মঞ্চে আসন গ্রহণ করেন ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট আইনজ্ঞকে নিয়ে গঠিত ৩ সদস্য বিশিষ্ট স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রধান জজ ও সলিসিটর বেলায়েত হোসেন। অপর ২ সদস্য ব্যারিস্টার আবুল কালাম ও সলিসিটর মাহদি হাসান। নির্বাচন কমিশন ঘোষণা করেন বাংলাদেশ সেন্টারের ২০২৬-২৮ সালের কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির ৩৮টি পদে নির্বাচনের জন্য এককভাবে ৩৮টি বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে। এইজন্য ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি। নির্বাচনের বিধি অনুসারে আমরা তাদেরকে নির্বাচিত ঘোষণা করছি। পার্মানেন্ট মেম্বার ক্যাটাগরি থেকে নির্বাচিত ২১ জন হলেন মাহিদুল ইসলাম চৌধুরী, সামসুল ইসলাম সেলিম, জামাল মিয়া, আবু বকর খান, জাহিদুর রহমান, মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ ফজর আলী, সাহেদ আহমদ, মানিক মিয়া,জাকির হোসেন,মোহাম্মদ সরওয়ার আহাদ,তফজ্জুল মিয়া,মোহাম্মদ হোসেন রহমান,ড. শাহানুর খান,করিম মিয়া শামীম,সেলিম চৌধুরী ও এনামুল করিম খান। লাইফ মেম্বার ক্যাটাগরি থেকে নির্বাচিত ১৭ জন হলেন আমিনুল হক জিলু, মোঃ আবজল হোসেন, শামীম আহমদ,ড. রাজাউল হায়দার, মোহাম্মদ মামুন রশীদ.আলী আহমেদ বেবুল,আবু আহমেদ সরওয়ার,মোহাম্মদ সাদ চৌধুরী,মোহাম্মদ ময়নুল হক,মোহাম্মদ হাবিবুর রহমান,গুলনাহার থান,মোহাম্মদ এ আর সোহেল,হাফসা নূর,মরিয়ম রহমান পলি,মোঃ দেলোয়ার হোসেন,জুবের আহমদ,শিব্বির আহমদ।
এরপর নব নির্বাচিত কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির তাৎক্ষণিক একটি সভা পার্মানেন্ট মেম্বার ড. শাহানুর খানের সভাপতিত্বে এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী বাংলাদেশ সেন্টারের ২০২৬-২৮ সালের কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তফজ্জুল মিয়াকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এছাড়াও সভায় পূর্ণাঙ্গ কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়। উক্ত সভায় কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির বিভিন্ন পদ বন্টন ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হবে।
বিশেষ দোয়া
বাংলাদেশ সেন্টারের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে আজ পর্যন্ত যে সকল ফাউন্ডার মেম্বার, পার্মানেন্ট, লাইফ ও জেনারেল মেম্বার মৃত্যুবরণ করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সেন্টারের খতিব ও লাইফ মেম্বার হাফিজ নাজিম উদ্দিন।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে লন্ডনের ঐতিহাসিক ‘বাংলাদেশ সেন্টার’। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে বৈশ্বিক জনমত গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন যুক্তরাজ্য প্রবাসীরা। তখন যুক্তরাজ্য প্রবাসীরাই স্বাধীনতা সংগ্রামের পক্ষে বৈশ্বিক সমন্বয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন ‘বাংলাদেশ সেন্টার’। এই সেন্টারেই ভারতের পর বহিঃবিশ্বে বাংলাদেশের প্রথম কোনো দূতাবাস চালু হয়। দ্য রয়্যাল লন্ডন বারা অব কেনজিংটন অ্যান্ড চেলসি এলাকার নটিংহিল গেইট টিউব স্টেশনের কাছেই ২৪ পেমব্রিজ গার্ডেন্সে অবস্থিত ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার।

