জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির একটি কক্ষ ভাতের হোটেল ও থাকার ঘর হিসেবে ব্যবহার করছেন।
অভিযোগ রয়েছে, ওই কক্ষে রান্নাবান্নার সরঞ্জাম, খাট-বিছানা ও ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। মাঝে মধ্যে সেখানে লোকজনের অবস্থানও দেখা যায় বলে দাবি করেন এলাকাবাসী। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ এভাবে ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষা সচেতন মহল।
স্থানীয়দের ভাষ্য, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের জন্য বিদ্যালয়টির সুনাম থাকলেও এমন কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনমুন বনিক বিষয়টি স্বীকার করে বলেন, “যা হওয়ার হয়ে গেছে। দুই-একদিনের মধ্যে সব সরঞ্জাম সরিয়ে ফেলা হবে এবং বিদ্যালয় স্বাভাবিক করা হবে।”
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান এ বিষয়ে বলেন, “শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার অত্যন্ত দুঃখজনক। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

