টরেন্টোতে জালালাবাদ এ্যাসোয়িশেনের নির্বাচনে কুলাউড়ার তানিমের বাজিমাত

বিশেষ প্রতিনিধি : কানাডার টরেন্টোতে বসবাসরত সিলেটি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন জালালাবাদ এ্যাসোয়িশেন অব টরেন্টোর নির্বাচনে এবাদ-মঈনুল-বাবলু পরিষদ থেকে সহ ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়ে বাজিমাত করেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকার বাসিন্দা তানিম ইকবাল চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট ১ হাজার ৬৫৩। নিকটতম প্রতিদ্বন্ধি মোস্তাফিজুর রহমান শিপন পেয়েছেন ১ হাজার ৪৪৫ ভোট ও আবদুস সবুর পেয়েছেন ৮৫৬ ভোট।
এক প্রতিক্রিয়ায় তানিম ইকবাল চৌধুরী বলেন, সম্মানিত জালালাবাদবাসী, নির্বাচনের শুরু থেকে শেষদিন পর্যন্ত আপনারা আমার পাশে ছিলেন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি যুগিয়েছিলো। আজ চূড়ান্ত ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আমাকে বিজয়ী ঘোষনা করেছেন। এই অর্জন পুরো জালালাবাদবাসীর তথা সিলেট বাসীর। আমি আন্তরিক অভিনন্দন জানাই নব-নির্বাচিত সভাপতি এবাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সহ-সভাপতি মেহেদী মারুফসহ সকল বিজয়ী প্রার্থীকে। এছাড়া ধন্যবাদ জানাই আমার প্যানেল এবাদ ময়নুল-বাবলু রনি-পরিষদসহ আমার টিমের সবাইকে। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সেই সকল ভোটারদের প্রতি, যারা আমাকে এবং আমাদের টিমকে বিশ্বাস করে ভোট দিয়েছেন। আপনাদের এই আস্থা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালোবাসা, দোয়া ও সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন, সাংবাদিকসহ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে। আমার এ বিজয় আমি সকল জালালাবাদবাসীকে উৎসর্গ করলাম। সকলের সহযোগিতা নিয়ে জালালাবাদ এসোসিয়েশনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।
উল্লেখ্য, তানিম ইকবাল চৌধুরী দেশে থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে তিনি কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক, কালের কণ্ঠ শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, অনলাইন পোর্টাল কেবিসি নিউজের স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ক্যান্সার অনুদান ফাউন্ডেশন কুলাউড়ার উপদেষ্ঠার দায়িত্ব পালন করছেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *