ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে- নাসির উদ্দিন পাটোয়ারী

মাহফুজ শাকিল: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সীমান্তে যাদের হত্যা করা হচ্ছে তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। তাদের একমাত্র পরিচয় তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশি হওয়ার কারণেই ভারত তাদের হত্যা করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত না হলে সীমান্ত হত্যা বন্ধ হবে না। ২৬ জুন শুক্রবার বিকেলে সম্প্রতি বিএসএফের গুলিতে নিহত কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও প্রতিবাদ সভায় অংশ নিয়ে এ কথাগুলো বলেন তিনি। সরকারের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ উদ্যোগের প্রসঙ্গ তুলে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। সীমান্ত এলাকায় হাসপাতাল, স্কুল-কলেজ, কর্মসংস্থানসহ মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, ভারতের সামনে নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি প্রয়োজন। একই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আধুনিক অস্ত্র, টহল যান, প্রয়োজনীয় অবকাঠামো এবং উন্নত বেতন-ভাতা দিয়ে আরও শক্তিশালী করার দাবি জানান তিনি। এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এসময় নাসির উদ্দীন পাটোয়ারী আরো বলেন, সীমান্তে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি নিহত মুজিবুরের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

শুক্রবার বিকেল ৪টায় শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজার এলাকায় বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান হত্যার প্রতিবাদে জেলা এনসিপি আয়োজিত প্রতিবাদ সভায় নাসির উদ্দিন পাটোয়ারি ছাড়াও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি তাঁর বক্তব্যে  বলেন, সীমান্তে যে অন্যায় ও হত্যাকা- ঘটছে, আগামীর বাংলাদেশে তা আর হতে দেওয়া হবে না। সীমান্ত এলাকার মানুষকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সীমান্তের প্রত্যেক নাগরিককে দেশের নিরাপত্তার প্রশ্নে একজন বিজিবি সদস্যের মতো দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। সীমান্তে ১০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করলে তাদের সহায়তায় হাজারো মানুষ এগিয়ে আসতে হবে। বিএনপির উদ্দেশ্যে সারজিস আলম বলেন, বিএনপি যদি জনগণ ও দেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেয় এবং ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে, তাহলে এনসিপি শুধু বিরোধীদল নয়, বাংলাদেশের ছাত্রজনতাও তাদের পাশে থাকবে।

নিহত মুজিবুরের বাড়িতে নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের সাথে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, মৌলভীবাজার জেলা এনসিপি’র আহবায়ক খালেদ হাসান, সদস্য সচিব রুহুল আমীন, কুলাউড়া উপজেলা আহবায়ক ফারুক উদ্দিন সুন্দর, যুগ্ম আহবায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব মাহবুব জামান শিহাব, নিহত মুজিব আলীর পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এসময় স্থানীয় মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। পরে স্থানীয় রবিরবাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিলে তারা যোগ দেন। রাত ৮টায় কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে কুলাউড়া উপজেলা এনসিপির উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটোয়ারী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার নিয়ে বক্তব্য দেন। এসময় কুলাউড়ার ক্রীড়া সংগঠক রফি আহমদ তানিম ও স্কুল শিক্ষক আজিজুল ইসলাম এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *