কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের কৃষক মখছদ মিয়া হত্যাকান্ডের ২৩ বছর পর ৪ আসামীর যাবতজ্জীবন কারাদ- প্রদান করেছেন আদালত। মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম শামসাদ বেগম গত সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২ টায় এ রায় ঘোষনা করেন। রায়ে হত্যা মামলার আসামী আং লতিফ, আব্দুল মোতালেব, আব্দুল মনাফ ও জমির আলীকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। ৪ আসামীর মধ্যে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী আব্দুল মোতালিব বাহরাইন রাষ্ট্রে পলাতক আছেন। বাকি ৩ জনকে রায়ের পরে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার অন্য ৪ জন আসামী আতিক, হাসিব, আকলু ও সুন্দরী বেগমকে বেখসুর খালাস দেওয়া হয়। এর মধে একজন আসামী তাহির মিয়া মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
রায়ের বিষয়ে মখছদ মিয়া হত্যা মামলার আইনজীবী শেখ হাবিবুর রহমান জানান, দীর্ঘ ২৩ বছর পর মামলায় আসামীদের শাস্তি হওয়ায় আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।
তবে মামলার বাদী নিহত মখছদ মিয়ার পুত্র মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, আমার পিতা এলাকার সমাজসেবক ও বিএনপির নিবেদিত কর্মী ছিলেন। কিন্তু সন্ত্রাসীরা আমার পিতাকে হত্যা করে দুই দশকেরও বেশি সময় দলীয় পেশি শক্তির প্রভাব খাটিয়ে মামলার কার্ক্রমকে বিলম্বিত করেছে। ২৩ বছরে আমার পিতার ২ একর জায়গা খুনিরা জবর দখল করেছে। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি আমাদের জায়গা ফেরত চাই এবং আমি আমার বাড়িতে যেতে সরকারের কাছে নিরাপত্তা চাই। রায়ে তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ১২ নভেম্বর টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে নিজ বাড়িতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মখছদ মিয়া (৫৫) কে দিন দুপুরে হত্যা করে। পরে নিহতের বড় ছেলে মুজিবুর রহমান বাদী হয়ে ৯ জনকে আসামী করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। #

