জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত করেছে জেলা বিএনপি। ২৭ জুলাই জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত দলীয় প্যাডে এই তথ্যটি নিশ্চিত করা হয়। যার অনুলিপি দেয়া হয়েছে, জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, সিনিয়র যুগ্ম মহা-সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন-এমপি ও মিফতাহ সিদ্দিকীকে।
চিঠিতে উল্লেখ করা হয়, কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি দেখা দেয়। এতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সার্বিক স্বার্থ বিবেচনায় মৌলভীবাজার জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক পৌর বিএনপির বর্তমান কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এসময়ে পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম মৌলভীবাজার জেলা বিএনপির নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে। সংশ্লিষ্ট সকল নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়। কুলাউড়া পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

