কুলাউড়ায় ২৫০০ নারী চা শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নারী চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর উপহার হিসেবে ২ হাজার ৫০০টি রেইনকোট বিতরণ করা হয়েছে। গত রোববার সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয় সংসদে আমি প্রথম চা শ্রমিকদের রেইনকোটের বিষয়টি নিয়ে কথা বলেছি। নির্বাচনের সময় চা শ্রমিকদের বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে কাজ করতে দেখেছি। তখনই প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হলে চা শ্রমিকদের জন্য রেইনকোটের ব্যবস্থা করবো। সেই প্রতিশ্রুতি আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে বাস্তবায়নে রূপ নিল।

তিনি আরো বলেন, “ প্রধানমন্ত্রী তারেক রহমান চা শ্রমিকদের কষ্ট ও দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতিকূল আবহাওয়ায় চা শ্রমিকদের সুরক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগ চা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বস্তি বাড়াবে। চা শ্রমিকরা দেশের অর্থনীতি ও চা শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, “চা শ্রমিকদের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিএনপি সরকারের জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকা-ের সুফল যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে, সেটিই আমাদের লক্ষ্য।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মার সভাপতিত্বে ও বিএনপি নেতা আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, গাজীপুর চা-বাগানের উপ-মহাব্যবস্থাপক জয়ন্ত ধর, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ফিলমন সান্ডি। চা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন শেফালী বেগম ও রিতা সবর। পরে দুপুর ১টায় শরীফপুর ইউনিয়নের চাতলাপুর, বিকেল ৩টায় টিলাগাঁও ইউনিয়নের লংলা এবং বিকেল ৫টায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনি চা-বাগানের স্থায়ী শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। গাজীপুর চা-বাগানের নারী শ্রমিক রিতা সবর বলেন, দীর্ঘদিন ধরে ঝড়বৃষ্টির মধ্যে আমরা বাগান থেকে চা-পাতা উত্তোলন করি। কিন্তু আমাদের দু:খ কেউ শুনতে পায়না। রেইনকোট পেয়ে বিএনপি সরকার ও এমপি সাহেবের ওপর আমরা খুবই খুশি। উনাকে শ্রমিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কারণ তিনি আমাদের দাবি ও অধিকার নিয়ে সংসদে প্রথমে কথা বলেছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা বলেন, কুলাউড়া উপজেলার বিভিন্ন চা-বাগানে মোট ২ হাজার ৫০০টি রেইনকোটের মধ্যে চাতলা বাগানে ৪৪৪, তিলকপুরে ৩৮১, লংলায় ৩৪১, তারাপাশায় ১৮৬, পাল্লাকান্দিতে ২১, ঝিমাইয়ে ২০৫, রেহানায় ৬৫, গাজীপুরে ৫০২, লুয়াইউনিতে ১২৪, হলিছড়ায় ১১৬ এবং হিঙ্গাজিয়ায় ১১৫ টি রেইনকোট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *