হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য একটি নতুন সতর্কবার্তা জারি করেছে। এতে জনসাধারণকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে, অনলাইনে কাউকে অপমান করা বা মানহানি করার মতো কর্মকাণ্ডের জন্য কারাদণ্ড এবং ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানাসহ গুরুতর আইনি পরিণতি হতে পারে। ‘গুজব ও সাইবার অপরাধ দমন’ বিষয়ক ২০২১ সালের ফেডারেল ডিক্রি আইনের ৪৩ নম্বর ধারা অনুযায়ী, যদি কেউ অনলাইনে অন্য কাউকে অপমান করেন অথবা এমন কোনো ঘটনার দায় তার ওপর চাপান যার ফলে তিনি শাস্তি বা অবজ্ঞার শিকার হতে পারেন, তবে সেই ব্যক্তির কারাদণ্ড হতে পারে। এছাড়া তাকে ২ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা করা হতে পারে, অথবা উভয় দণ্ডই হতে পারে। যদি ভুক্তভোগী কোনো সরকারি কর্মকর্তা হন এবং তিনি তার সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় থাকেন, তবে এক্ষেত্রে শাস্তির মাত্রা আরও কঠোর হতে পারে। এই সতর্কবার্তাটি সংযুক্ত আরব আমিরাতের ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ (অক্টোবর) প্রচারণার অংশ। এর মাধ্যমে বাসিন্দাদের অনলাইনে সম্মানজনক আলোচনা বজায় রাখতে এবং দায়িত্বশীল আচরণ করতে উৎসাহিত করা হচ্ছে।

