মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ায় হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে সফল অভিযান পরিচালনা করেছে কুলাউড়া থানা পুলিশ। অভিযানে মোট ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মালিক শনাক্ত করে আইফোনসহ ৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ২১ অক্টোবর বুধবার কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, হারানো ও চোরাই যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পরিচালিত অভিযানে মোট ৮টি ফোন উদ্ধার করা হয়। পরে মালিকানা যাচাই ও প্রকৃত মালিক শনাক্তের মাধ্যমে ৪টি মোবাইল ফোন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া বাকি মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকদের প্রয়োজনীয় প্রমাণপত্রসহ কুলাউড়া থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। কুলাউড়া থানা পুলিশের এ উদ্যোগে হারানো মোবাইল ফিরে পাওয়ার ক্ষেত্রে ভুক্তভোগীদের জন্য আশার সঞ্চার হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া সম্পদ উদ্ধারে পুলিশের তৎপরতার বিষয়টিও উঠে এসেছে। যাদের মোবাইল ফোন হারিয়েছে বা চুরি হয়েছে, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানার প্রমাণসহ কুলাউড়া থানায় যোগাযোগ করতে থানা পুলিশ অনুরোধ জানিয়েছে।।

