মৌলভীবাজার প্রতিনিধি: ‘দক্ষ যুবক গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় ১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক বদরুল হোসেন খান, কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ময়নুল হক পবন, পৌর ছাত্রদলের আহবায়ক ও এমপির প্রতিনিধি আতিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: আক্কাছ আলী ও কস্পিউটার অপারেটর প্রবির চন্দ্র সরকার প্রমুখ।
বক্তারা বলেন, “যুবসমাজ হচ্ছে একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সমাজ উন্নয়নের নেতৃত্ব দেবে। তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ এবং আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। সরকার যুবকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মনে রাখতে হবে, দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।”
অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি আনুষ্ঠানিকভাবে মইনুল নামে এক উদ্যোক্তাকে ৫ লক্ষ চেক প্রদান এবং লংলা যুব সংস্থাকে যুব সংগঠনের সনদ প্রদান করেন।

