বিল্লাল মিয়ার ফাঁসির রায়ের প্রতিবাদে শ্রীমঙ্গলে শ্রমিকদের মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকচালক বিল্লাল মিয়ার ফাঁসির রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা। এ সময় তারা বিল্লাল মিয়ার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় পুনর্বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার সাতগাঁও চৌমুহনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, বিল্লাল মিয়ার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় দেওয়া ফাঁসির রায় তারা মেনে নিতে পারছেন না। তাদের দাবি, মামলাটি পুনর্বিবেচনা করে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ যাচাই করা হোক। জানা যায়, ২০১৬ সালে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সাবানা নামের এক নারী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় বিল্লাল মিয়াসহ ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিল্লাল মিয়ার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। বিল্লাল মিয়ার পরিবারের অভিযোগ, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না; বরং গাড়িতে অবস্থান করছিলেন। এরপরও তাকে হত্যা মামলায় আসামি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরিবারের দাবি, তার বিরুদ্ধে মিথ্যা ও অন্যায়ভাবে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তারা এ রায় পুনর্বিবেচনা করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা অংশ নেন। তারা বিল্লাল মিয়ার ফাঁসির রায়ের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *