মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শাহেদ আলী। জেলা শাখার রুকনদের (সদস্য) প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে দলের আমীর আনুষ্ঠানিকভাবে সারা দেশের বিভিন্ন জেলা ও মহানগরীর সাথে মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত আমীরের নামও ঘোষণা করেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলার রুকনদের গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়। স্থানীয় নেতা-কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, ইঞ্জিনিয়ার শাহেদ আলীর দূরদর্শী নেতৃত্বে মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং গণমানুষের অধিকার আদায়ে দলটি অগ্রণী ভূমিকা পালন করবে। পুনরায় আমীর নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীরা।

