চিকিৎসক সংকটে ভুগছে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ লক্ষ মানুষের চিকিৎসায় ২ চিকিৎসক!

মাহফুজ শাকিল: চিকিৎসক সংকটে ভুগছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে নানা দূর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এখানে ৩৩টি পদের বিপরীতে আছেন মাত্র ২ জন চিকিৎসক। এর মধ্যে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত থাকলেও তারা নিয়মিত রোগী দেখছেন না। চিকিৎসক সংকটের কারণে রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাঙ্খিত সেবা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। চিকিৎসক সংকটের ফলে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, কুলাউড়া উপজেলা একটি বৃহৎ উপজেলা। এই উপজেলার প্রায় ৫ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসাস্থল হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। এই হাসপাতালে কয়েক মাস ধরে চিকিৎসক ও জনবল সংকট থাকার কারণে কোনমতে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা সেবা। বিভিন্ন সময় এই হাসপাতালে মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেয়া হলেও কিছুদিনের মধ্যেই বদলি অথবা প্রেষণে অন্যত্র চলে যান চিকিৎসকরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে মোট ৩৩টি পদের মধ্যে তিনটি পদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস, মেডিকেল অফিসার ডা: মো: মুসাদ্দিক হোসেন ও ডা: আবদুর রহমান আয়েজ কর্মরত আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে একমাত্র চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা: ইকবাল বাহার সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দায়িত্ব পালন করছেন আর বাকি ৪ দিন সিলেট শামছুদ্দিন হাসপাতালে থাকেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ এফ এম রেজাউল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মৃনাল সাহা, অর্থোপেডিক্স সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মাসউদুর রহমান, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ আবু বকর নাসের রাশু হাসপাতালে কর্মরত রয়েছেন। কিন্তু রোগী দেখার জন্য তাদের কোন রুম বরাদ্দ নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে বসে বসে দায়িত্ব পালন করে চলে যান। ডা: মোহাম্মদ মাসউদুর রহমান ও জুনিয়র কনসালটেন্ট সার্জারী বিশেষজ্ঞ ডা. মো: সাদেকুল আলম প্রেষণে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত রয়েছেন। অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম প্রেষণে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ও সহকারী ডেন্টাল সার্জন মো: নাহিদ ইসলাম প্রেষণে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। এছাড়া শুন্য পদের মধ্যে রয়েছে, ইএনটি, চক্ষু, গাইনী, সহকারী সার্জন ২, মেডিকেল অফিসার ৩, এ্যানেসথেনিস্ট ১, ইমার্জেন্সী মেডিকেল অফিসার ৩, সহকারী সার্জন গাইনী ১, সহকারী সার্জন চক্ষু ১, মেডিকেল অফিসার আয়ূর্বেদিক ১, প্যাথলজিস্ট ১ ও আবাসিক মেডিকল অফিসার পদ। সরেজমিনে হাসপাতালে অবস্থান করে দেখা যায়, প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে ৩০০ রোগী, আবাসিক ও বহিঃর্বিভাগে গড়ে ৬০০ থেকে ৮০০ মানুষ চিকিৎসা নিতে আসেন। সেবা নিতে এসে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শত শত রোগী হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে দাঁড়িয়ে টিকেট করছেন। সংশ্লিষ্ট বিভাগের ডাক্তারকে অনেকেই দেখাতে পারছেন না। হাসপাতালের মহিলা ওয়ার্ডে কথা হয় কুলাউড়া সদর ইউনিয়নের হরিপুর গ্রামের হানিফ মিয়ার স্ত্রী জুবেদা আক্তারের সাথে। তিনি বলেন, আমার দেড় মাস বয়সী মেয়ে তালহা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডাক্তার বলেছে, উন্নত চিকিৎসার জন্য সিলেট নিতে হবে। ডাক্তার সংকটের কারণে হাসপাতালে আসা অনেক রোগীকে যথাযথ সেবা না দিয়ে তড়িঘড়ি করে জেলা সদর কিংবা সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়। এতে রোগীদের যন্ত্রণার শেষ নেই। এতে রোগীর স্বজনদের অতিরিক্ত টাকা খরচ করতে হয়। তবে এসব রোগীদের শিশু বিশেষজ্ঞ ডা. আবু বকর নাসের রাশু, মেডিকেল অফিসার ডা: মো: মুসাদ্দিক হোসেন ও ডা. আবদুর রহমান আয়েজ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মাত্র ২ জন চিকিৎসক দিয়ে এত মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এছাড়াও বিভিন্ন কর্মশালা, জেলা কিংবা উপজেলা সদরে বিভিন্ন মিটিংয়ে ইউএইচএফপিও ও আরএমও অংশগ্রহণ করেন। তখন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। দ্রুত গতিতে চিকিৎসক সংকট ও সমস্যা সমাধানের দাবী জানান ভুক্তভোগীসহ কুলাউড়ার সচেতনমহল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস বলেন, চিকিৎসক ও লোকবল সংকটের কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তবুও সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চিকিৎসক সংকটের কারণে চাহিদা চেয়ে এবং প্রেষণে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের আদেশ বাতিলের জন্য সিভিল সার্জনের কাছে আবেদন দেয়া হয়েছে।
মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন বলেন, জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে গিয়ে চিকিৎসক সংকটের বিষয়টি আলোচনা করেছি। খুব শীঘ্রই মৌলভীবাজারে বেশ কিছু সংখ্যক চিকিৎসক পদায়ন করা হবে। এরপর কুলাউড়াসহ অন্য উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক পদায়ন করা হবে। কুলাউড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর কুলাউড়া হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকটসহ হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য সংসদে জোরালো দাবি জানাই। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের বিভিন্ন উপজেলাসহ সিলেট বিভাগের তিনটি উপজেলার মধ্যে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের জন্য কার্যক্রম হাতে নিয়েছেন। যা ইতোমধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি পুণরায় সংসদে উত্থাপন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *